বোথামের চোখে দীর্ঘ ইংলিশ-রাজ
দক্ষিণ আফ্রিকার রাজত্ব ছিল মাত্র তিন মাসের। ভারতের রাজত্ব আড়াই বছর। ২০০৩ সালে আনুষ্ঠানিক র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কেবল অস্ট্রেলিয়াই রাজত্ব করেছিল প্রায় সাড়ে ছয় বছর। মুকুট অর্জনের চেয়ে ধরে রাখাই কঠিন—এই প্রবাদ বাক্যের সার্থক উদাহরণ যেন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি। এখন প্রশ্ন, কত দিন এটি ধরে রাখতে পারবে ইংল্যান্ড?ইয়ান বোথামের ভবিষ্যদ্বাণী—পাঁচ থেকে ছয় বছর। বর্তমান যে দলটি খেলছে সেই একাদশটা সামনের পাঁচ-ছয় বছরে খুব বেশি বদলাবে না বলে মনে করেন কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার। ফলে এই দলটার হাতেই টেস্টের শীর্ষ দলের গদাটি থেকে যাবে বলে মনে করেন, ‘আগামী পাঁচ-ছয় বছরে আমি এই দলে কোনো পরিবর্তন দেখছি না, সেটা আট বছরের জন্যও হতে পারে। এখনকার দলটি আগামী পাঁচ-ছয় বছর প্রায় একই রকম থাকবে। দুজন খেলোয়াড়—অধিনায়ক স্ট্রাউস আর পিটারসেন হয়তো চার-পাঁচ বছরের মধ্যে ফুরিয়ে যাবে। কিন্তু এটা মাথায় রেখে ওরা এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে। বাকি দলটা এবং এই দলের পরিবর্ত খেলোয়াড়েরা মোটামুটি এ রকমই থাকবে। আর তাদের কোচও খেলোয়াড়দের মাটিতেই পা রাখতে সাহায্য করবে।’আইসিসির টেস্ট খেলোয়াড় র্যাঙ্কিংয়েও বোলিং আর ব্যাটিং দুই জায়গাতেই সেরা দলে চারজন করে ইংল্যান্ডের খেলোয়াড় আছেন। বোথাম বলছেন, এখান থেকেই এই দলের গভীরতাটা বোঝা যায়, ‘ওরাই এখন এই বিশ্বের সেরা। ব্যাটিংয়ে সেরা দশে চারজন খেলোয়াড় আছে ওদের। বেল, কুক—দুজন যৌথভাবে তিনে। ট্রট আছে ছয়ে, পিটারসেন আটে। বোলিংয়ে অ্যান্ডারসন দুইয়ে, তিনে সোয়ান, ব্রড পাঁচে আর ট্রেমলেট ছয়ে। ব্রেসনানও ১১ নম্বরে থেকে উঁকিঝুঁকি মারছে। এ কারণেই এরা এখন বিশ্বের সেরা দল।’সবাইকে একসঙ্গে সেরা ফর্মে নিয়ে আসাটাই একটা দলের ভালো পারফর্ম করার মূল রহস্য। আর সেজন্য কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেই কৃতিত্ব দিচ্ছেন বোথাম। ইংলিশ ক্রিকেট বোর্ডকে তাঁর পরামর্শ, ফ্লাওয়ারকে যেন হাতছাড়া না করা হয়, ‘দয়া করে ওকে অন্য কোথাও যেতে দেবেন না। আমাদের ওকেই দরকার। পুরো জাহাজটা সেই চালাচ্ছে। অধিনায়ক তার কাজটা করছে। দুজনের জুটি দারুণ জমেছে। ইসিবির উচিত ফ্লাওয়ারের প্রতি যত্নবান হওয়া।’টেস্ট সিরিজে এভাবে নাস্তানাবুদ হওয়ার পর ভারত ওয়ানডে সিরিজে পাল্টা আক্রমণ করতে চাইবে। তবে বোথাম মনে করেন, মানসিকভাবে বিশ্বজয়ী ভারত এখন এতটাই বিধ্বস্ত, একটু মওকামতো আঘাত করতে পারলেই ওদের কোমর ভেঙে যাবে। তাই ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের জয় দেখছেন তিনি। অবশ্য টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা হারানোর প্রতিশোধ যদি ভালোমতো নিতে পারে ভারত, সিরিজটা যদি জেতে ৪-১ ব্যবধানে, তাহলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা তিন থেকে উঠে আসবে দুইয়ে।প্রতিশোধটা ভারত নিতে পারবে কি না, সেটা বোঝা যাবে ৩ সেপ্টেম্বর শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। এর আগে ভারত অবশ্য তিনটা প্রস্তুতি ম্যাচ আর সফরের একমাত্র টি-টোয়েন্টিটাও খেলবে। ওয়েবসাইট।