বোনকেই বেশি মনে পড়ে আনিসার
ত্রিনিদাদের বাড়িতে যমজ বোন আলিসাকে রেখে এসে মনটা ভালো নেই আনিসার। নিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অপরিহার্য সদস্য। স্বপ্ন দেখেন বোনকে নিয়ে একসঙ্গে ক্যারিবিয়ান দলে খেলবেন। বোন সেই পর্যায়ে আসতে পারেননি এখনো। খেলছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো দলে। স্বপ্নটা পূরণ হবে কি না, জানেন না আনিসা মোহাম্মদ।
দুই যমজের বয়স ২৫ বছর ২০৩ দিন। আলিসা ওয়েস্ট ইন্ডিজ দলে খেলছেন দশ বছর ধরে। এরই মধ্যে গড়ে ফেলেছেন বেশ কিছু রেকর্ড। মহিলা টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এই অফ স্পিনারই (৬১ ম্যাচে ৭৬ উইকেট)। ক্যারিয়ারে আছে ১৪ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তি। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে এক ম্যাচে পেয়েছেন ৫ উইকেট । এতটা পথ পেরিয়ে এসেও একটা অতৃপ্তি ওই বোনকে নিয়েই।
আনিসার চোখের সামনেই ওয়েস্ট ইন্ডিজ দলে একসঙ্গে থাকছেন, মজা করছেন দুই যমজ কেসিয়া নাইট ও কেসোনা নাইট। তাঁদের দেখে আফসোসটা বেড়ে যায়। নাইট বোনদের প্রসঙ্গ উঠতেই বলছিলেন, ‘নাইটদের দেখলেই আলিসার কথা মনে হয়। ও থাকলে উপভোগ করতে পারতাম বাইরের সফরগুলো।’