বোনাস নেবেন না গ্রিক ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টারিকার কাছে হেরে বিশ্বকাপ শেষ গ্রিসের। তবে মাঠের বাইরে গ্রিক খেলোয়াড়েরা অনন্য। ছবি: রয়টার্স
কোস্টারিকার কাছে হেরে বিশ্বকাপ শেষ গ্রিসের। তবে মাঠের বাইরে গ্রিক খেলোয়াড়েরা অনন্য। ছবি: রয়টার্স

বোনাস পেয়েও তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেওয়ার ব্যাপারটি হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। কিন্তু এমন একটি ঘটনাই ঘটেছে গ্রিসের ফুটবলারদের ক্ষেত্রে। বিশ্বকাপের নক-আউট পর্বে যাওয়ার কারণে তাদের জন্য যে বোনাসের ব্যবস্থা করা হয়েছিল, তা ফিরিয়েই দিচ্ছেন তাঁরা। টাকা না নিয়ে সেই টাকায় একটি ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠার অনুরোধ জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীকে।

গ্রিসের ফুটবলারদের কাছে বোনাস-টোনাস একেবারেই অর্থহীন মনে হয়েছে। গ্রিসের মানুষের জন্য যে জাতীয় দল, তার জার্সি গায়ে তোলাকেই অনেক বড় ব্যাপার মনে হচ্ছে তাঁদের, ‘আমরা কোনো অতিরিক্ত অর্থ চাই না। আমরা আমাদের দেশ ও দেশের মানুষের হয়ে খেলেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। বোনাসের টাকাটা বরং গ্রিসের ফুটবলের ভবিষ্যতের স্বার্থে ব্যয় করা হোক। একটি ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হোক, যা হবে ভবিষ্যতে গ্রিসের ফুটবলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রধান অনুষঙ্গ।’

দেশটির প্রধানমন্ত্রী এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই ফেডারেশনের কর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসকে এক চিঠিতে খেলোয়াড়েরা লিখেছেন, ‘অতিরিক্ত বোনাস আমরা চাই না। আমরা কেবল গ্রিস ও দেশের মানুষের জন্য খেলেছি। তবে ওই অর্থ দিয়ে একটি প্রশিক্ষণকেন্দ্র তৈরির নির্দেশ দেওয়ার অনুরোধ করছি। যেটি হবে জাতীয় দলের নিজের ঘর।’ জানা যায়, প্রধানমন্ত্রী খেলোয়াড়দের এ অনুরোধ রাখতে গ্রিক ফেডারেশনকে ফোন দিয়েছেন। এএফপি।