বোনাস পয়েন্ট জটিলতা কাটেনি
দুই রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে। অথচ চার ফ্র্যাঞ্চাইজির কেউই নির্দিষ্ট করে বলতে পারছে না দুই ম্যাচ থেকে কে কত পয়েন্ট পেল। বোনাস পয়েন্ট নিয়ে সৃষ্ট বিভ্রান্তি যে কালও দূর করতে পারেনি বিসিবি!ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ম্যাচের টুর্নামেন্টে ব্যাটিং বা বোলিং বোনাস পয়েন্ট না রেখে বাইলজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্ট কমিটি। সে সিদ্ধান্ত অনুযায়ী একটি করে বোনাস পয়েন্ট পাওয়া যাবে কেবল ১০ উইকেটে জিতলে বা ইনিংস ব্যবধানে জিতলে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে তুলে দেওয়া বাইলজে কীভাবে যেন ঢুকে পড়ে আরও দুই রকম বোনাস পয়েন্ট! ব্যাটিংয়ে ১০০ ওভারের মধ্যে ৩০০ রান করতে পারলে ১, বোলিংয়ে প্রতিপক্ষকে অলআউট করতে পারলে ১।টেকনিক্যাল কমিটির সভায় বিষয়টা সুরাহা হবে বলা হলেও কাল সে রকম কোনো সভা হয়নি বলে জানিয়েছেন চার সদস্যের কমিটির দুই সদস্য। অথচ ওয়ালটন মধ্যাঞ্চলের কর্মকর্তা উদয় হাকিম রাতেও আশায় ছিলেন, ‘শুনেছি বিসিবির টেকনিক্যাল কমিটি এটা নিয়ে বসবে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।’ বিসিবির হিসাবে প্রথম দুই ম্যাচে ওয়ালটনের পয়েন্ট ৬ হলেও ফ্র্যাঞ্চাইজির হিসাবে বোনাস পয়েন্টসহ সংগ্রহ ১০।ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ছাড়া বাকি দুই দলও আছে একই অনিশ্চয়তায়। ব্যাটিং-বোলিংয়ের বোনাস পয়েন্টসহ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৯, আর ছাড়া ৭। দলের কোচ খালেদ মাহমুদ বললেন, ‘বাইলজে দুই রকম কথাই আছে। আমরা এখনো জানি না, শেষ পর্যন্ত কোনটা অনুসরণ করা হবে।’ টেলিফোনে পয়েন্ট প্রসঙ্গে জিজ্ঞেস করলে খোদ বিসিবির দল উত্তরাঞ্চলের ম্যানেজার দেবব্রত পালও শুরু করলেন দুই রকম হিসাব করতে। ব্যতিক্রম কেবল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দলের কোচ নুরুল আবেদীন বললেন, ‘আমাদের বাইলজে ব্যাটিং-বোলিং বোনাস পয়েন্টের কথা উল্লেখ নেই।’দুই রকম ব্যাখ্যায় যেহেতু দলগুলোর পয়েন্ট তালিকায়ও ওলট-পালট হচ্ছে, যে যার সুবিধামতোই হিসাব করে নিচ্ছে বোনাস পয়েন্ট। ওয়ালটন তো এমনও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ব্যাটিং-বোলিং বোনাস পয়েন্ট যোগ না হলে তারা বাকি টুর্নামেন্ট খেলবে না। এ অবস্থায় বিসিবির ব্যাখ্যা জানাটা জরুরি। কিন্তু কাল রাতে মুঠোফোনে বারবার চেষ্টা করে পাওয়া যায়নি বিসিবির অ্যাডহক কমিটির সদস্য গাজী আশরাফ হোসেনকে। তিনি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান থাকার সময়ই যেহেতু বিসিএলের কার্যক্রম শুরু, বিষয়টি তিনিই দেখছেন।