বোনাস পয়েন্ট রঙ্গের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিসিএলের বোনাস পয়েন্ট রঙ্গের অবসান হয়েছে। তবে এটির অবসান হয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি হার মেনে নেওয়ার পরই। যে দুটি বোনাস পয়েন্ট বাদ দিয়ে বাইলজ করতে চাওয়া হয়েছিল, সে দুটি রাখারই সিদ্ধান্ত হয়েছে কাল রাতের টেকনিক্যাল কমিটির সভায়।সভা শেষে টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক হাফিজুর রহমান জানিয়েছেন, ‘বোনাস পয়েন্ট এখন মোট চার রকম হবে। ১০০ ওভারের মধ্যে ৩০০ রান করলে ব্যাটিং দল ১ বোনাস পয়েন্ট পাবে। প্রতিপক্ষের ১০ উইকেট নিতে পারলে বোলিং দলও পাবে ১ বোনাস পয়েন্ট। এ ছাড়া ১০ উইকেটের জয় ও ইনিংস জয়ে ১টি করে বোনাস পয়েন্ট থাকবে।’ এ নিয়ম কার্যকর হবে লিগের প্রথম ম্যাচ থেকেই।এ হিসেবে দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৯। বিসিবি উত্তরাঞ্চলের পয়েন্ট ৬ ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পয়েন্ট ৫।বিসিএলের বাইলজের দুই জায়গায় দুই রকম বোনাস পয়েন্টের উল্লেখ থাকাতেই হয়েছিল বিপত্তি। এক জায়গায় ব্যাটিং ও বোলিং বোনাস পয়েন্টের উল্লেখ না থাকলেও আরেক জায়গায় ছিল। বিসিবি পরে ব্যাটিং-বোলিং বোনাস পয়েন্ট ছাড়াই লিগ এগিয়ে নিতে চাইলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর কাল ‘ভুল’ নিয়মটাকেই অনুমোদন দিয়ে দিল।পয়েন্ট পদ্ধতি নিয়ে লিগ বা টুর্নামেন্টের মাঝখানে জট পাকিয়ে ফেলাটা অবশ্য নতুন কিছু নয় বিসিবির জন্য। এর আগে প্রথম বিপিএলের সেমিফাইনালের আগেও দাঁড়িয়েছিল একই পরিস্থিতি। অথচ টুর্নামেন্ট বা লিগের শুরুতে বাইলজ চলে যায় সব দল, ফ্র্যাঞ্চাইজি, ম্যাচ কর্মকর্তা এমনকি বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতেও। কিন্তু বাইলজের পাতা উল্টে দেখার সময় যেন কারোরই হয় না। আর তাই অর্ধেক টুর্নামেন্ট হয়ে যাওয়ার পর সভা করে করতে হয় পয়েন্ট বণ্টন।