বোনের শোক ভুলে মাঠে
ম্যাচ শেষে অন্যরা যখন খেলার ভুলগুলো নিয়ে বিশ্লেষণ করছেন, অ্যাডামস স্যামুয়েলস জানকাসা তখন একাকি বসে। প্রিমিয়ার লিগে বিজেএমসির বিপক্ষে কাল খেলার কথা ছিল না ব্রাদার্সের এই ডিফেন্ডারের। গত মঙ্গলবার একমাত্র বোন রোজ অ্যাডামসকে হারিয়ে তিনি ছিলেন শোকাতুর। টিম ম্যানেজমেন্ট খুব জোরাজুরিও করেনি খেলার জন্য। তবুও বোন হারানোর শোক ভুলে স্বেচ্ছায় মাঠে নামলেন।ম্যাচ শেষে জানালেন, বড় বোনটা সেদিন অন্যজগতে পাড়ি দিয়েছেন। তিনিই ছিলেন তাঁর খেলার অনুপ্রেরণা, ‘এই বোনের উত্সাহেই আমি ফুটবলার হয়েছি। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি।’ বছর দুই ধরে ডায়াবেটিসে ভুগছিলেন জানকাসার বোন। মাস খানেক আগে অবস্থার অবনতি হলে কাদুনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান মাত্র ৩৯ বছর বয়সী রোজ। কিন্তু আপাতত দেশে ফেরার ইচ্ছা নেই জানকাসার, ‘মৌসুম শেষে একবারেই দেশে ফিরব। এখন ওর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ কাল খেলা শুরুর আগে জানকাসার বোনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।