বোপানা-কুরেশির ব্রায়ান-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ভারতের, অন্যজন পাকিস্তানের। চিরবৈরী দুই দেশের টেনিস খেলোয়াড় সীমান্তের কাঁটাতার পেরিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জুটি গড়েছেন। ভারতের রোহান বোপানা আর পাকিস্তানের আসিম-উল-হক কুরেশির জুটি এবার খবরে এলেন অন্যরকম এক সাফল্য দিয়ে। ছেলেদের দ্বৈতের রেকর্ড গড়া জুটি মাইক আর বব ব্রায়ানকে হারিয়ে দিয়ে। যুক্তরাষ্ট্রের লেগ ম্যাসন ক্লাসিক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ব্রায়ান ভাইয়েরা বোপানা-কুরেশি জুটির কাছে হেরেছেন ৭-৬, ৭-৫ গেমে।আগের সপ্তাহেই যুক্তরাষ্ট্রের যমজ দুই ভাই রেকর্ড গড়েছিলেন। ১০০ এটিপি ট্যুর ফাইনালে খেলার পাশাপশি ৬২টি এটিপি শিরোপা জয়ের রেকর্ড। সেমিফাইনালে এই জুটির প্রতিপক্ষ মার্ডি ফিশ আর মার্ক নোলেস।ওই একই টুর্নামেন্টের ছেলেদের একক থেকেও একটি দুঃসংবাদ শুনেছে যুক্তরাষ্ট্রের টেনিস। ফ্রান্সের জিলেস সিমোনের কাছে হেরে যাওয়ায় পুরুষ এককের র‌্যাঙ্কিংয়ের সেরা ১০ থেকে ছিটকে যাচ্ছেন অ্যান্ডি রডিক। এর ফলে সেরা দশে থাকছে না একজন মার্কিন খেলোয়াড়ও। গত ৩৭ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসিদের দেশের। রয়টার্স, ওয়েবসাইট।