বোপারায় বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ
রবি বোপারার সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে ইংল্যান্ড দলে নিজের জায়গাটা স্থায়ী করে নিতে পারেননি। এবার বোধ হয় সেই অনিশ্চয়তাটা দূর হলো। সপ্তাহ দুয়েকেরও কম সময় আগে লর্ডসে ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে ৯৬ রান করেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। টাই হয়েছিল ম্যাচ। তবে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে রেকর্ড করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতালেন ইংল্যান্ডকে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সেরা বোলিং এখন বোপারার। ৩.৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়েছেন মিডিয়াম পেস বোলিংয়ে। তাঁর বোলিং ও দুই ওপেনার কিসওয়েটার ও হেলসের ব্যাটিংয়ে ১০ উইকেটে জিতেছে ইংল্যান্ড। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতল ইংল্যান্ড। অন্যদিকে এটি ওয়েস্ট ইন্ডিজেরও এটি প্রথম ১০ উইকেটে হার।দর্শকঠাসা ওভালে শুরুটা বেশ ভালোই করেছিল ক্যারিবীয়রা। ডোয়াইন স্মিথ এবং জনসন চার্লস মিলে মাত্র চার ওভারেই তুলেছিলেন ৪২ রান। যার মধ্যে ব্রেসনানের এক ওভার থেকেই আসে ২২। ১৪ ওভার শেষে ৩ উইকেটে ৯৮ ছিল ওয়েস্ট ইন্ডিজের। এরপরই ঘটে বিপর্যয়। মাত্র ২৮ রানেই পড়ে শেষ ৭ উইকেট। মাত্র ১২৫ রানে অলআউট অনভিজ্ঞ সফরকারীরা।স্টুয়ার্ট ব্রডের চোটের কারণে অধিনায়কত্ব পাওয়া গ্রায়েম সোয়ানের অভিষেকটা স্মরণীয় করে রাখেন দুই ইংলিশ ওপেনার। অ্যালেক্স হেলস (৬২*) ও কিসওয়েটার (৫৮*) ১৫.২ ওভারেই জয় এনে দেন ইংল্যান্ডকে।বাতিল হয়ে যাওয়া স্ট্যানফোর্ড সিরিজের ক্ষতিপূরণ হিসেবে মৌসুমের শেষ প্রান্তে আয়োজন করা হয়েছে এই সিরিজের। আজ ওভালেই দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি দল দুটি।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১২৫/১০ (চার্লস ৩৬, স্মিথ ৩৩, হায়াট ২৮; বোপারা ৪/১০, প্যাটেল ২/২৩, ডার্নব্যাক ১/২০, সোয়ান ১/৩০)। ইংল্যান্ড: ১৫.২ ওভারে ১২৮/০ (হেলস ৬২*, কিসওয়েটার ৫৮*)। ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।