বোয়াটেং বনাম বোয়াটেং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলায় গলায় ভাব দুই ভাই জেরোম (বাঁয়ে) আর কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের। তবে দুই ভাই মাঠে আজ প্রতিপক্ষ!  ফাইল ছবি
গলায় গলায় ভাব দুই ভাই জেরোম (বাঁয়ে) আর কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের। তবে দুই ভাই মাঠে আজ প্রতিপক্ষ! ফাইল ছবি

এ রকম গল্প থাকে পুরোনো দিনের সিনেমায়।
পিঠাপিঠি দুই ভাই। গল্পের মোচড়ে ছোটবেলাতেই দুজনের হঠাৎ বিচ্ছেদ। অনেক দিন পর যখন দুজনের সাক্ষাতে তারা হয়ে যায় পরস্পরের প্রতিপক্ষ!
কেভিন-প্রিন্স বোয়াটেং আর জেরোম বোয়াটেং ভাইদের গল্পটা হুবহু এক নয়, তবে কাছাকাছি। সৎভাই হলেও কৈশোর থেকেই দুজনের দারুণ মিল। এক বছরের বড় কেভিনের মতো ফুটবলের নেশা ছিল জেরোমের রক্তেও। সেই ফুটবলের কারণেই একসময় সিনেমার ভাইদের মতো দুজনের বিচ্ছেদ। আবার সেই ফুটবলই দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে বারবার। প্রথমবার ২০১০ বিশ্বকাপে, দুটি আলাদা দেশের হয়ে। এবার দুই ভাই একে অন্যের প্রতিপক্ষ দুটি আলাদা ক্লাবের হয়ে। জার্মান বুন্দেসলিগায় আজ রাতে জেরোম বোয়াটেংয়ের বায়ার্ন মিউনিখের মুখোমুখি কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের শালকে।
ফুটবলের নেশায় মিল থাকলেও কৈশোর থেকেই দুজনের মধ্যে অমিল কম ছিল না। বাবা এক হলেও দুজনের মা আলাদা। কেভিনের মা ক্রিস্টিন রান ছিলেন হাসপাতালের সেবিকা। বোয়াটেংয়ের মা মার্টিনা বিমানবালা। ফলে জন্ম বার্লিনে হলেও দুজনের কৈশোরও কেটেছে দুটি আলাদা পরিবেশে। কেভিন তাঁর মায়ের কাছে বড় হয়েছেন বার্লিনের মধ্যবিত্ত পরিবেশে। অন্যদিকে জেরোম ছোটবেলা থেকেই পেয়েছেন আভিজাত্যের ছোঁয়া। করপোরেট নির্বাহী হলেও ঘানাইয়ান বংশোদ্ভূত বাবা প্রিন্স বোয়াটেংয়ের ছিল ফুটবলের প্রতি ভালোবাসা। চাচা রবার্ট বোয়াটেং তো দীর্ঘদিন পেশাদার ফুটবল খেলেছেন নরওয়েজিয়ান ক্লাব রোজেনবর্গের হয়ে। সে কারণেই কিনা আলাদা পরিবেশে বড় হলেও দুই ভাইয়ের মধ্যেই তৈরি হলো ফুটবলের প্রতি ভালোবাসা এবং দুজনেরই ফুটবল ক্যারিয়ার শুরু হলো জার্মান ক্লাব হার্থা বার্লিনে।
দুজনের প্রথম বিচ্ছেদ হয়েছিল ২০০৭ সালে। বার্লিন থেকে ইংলিশ ক্লাব টটেনহামে চলে যান কেভিন, ক্লাব বদল করে হামবুর্গে গেলেন জেরোম। এরই মধ্যে ক্লাব ফুটবলের পারফরম্যান্স দিয়ে নজর কাড়লেন দুজনই। দুই ভাই-ই খেলতে পারতেন জার্মান দলে কিংবা ঘানার পক্ষেও। কিন্তু কেভিন পিতৃভূমির টানে সাড়া দিলেন, জেরোম থেকে গেলেন মাতৃভূমি জার্মানিতেই। আর তারপর ২০১০ সালের এফএ কাপের ফাইনালে সেই ‘বোয়াটেং-কাণ্ড’। ফাইনালে চেলসির মিডফিল্ডার ও তখনকার জার্মান অধিনায়ক মাইকেল বালাককে বাজে ট্যাকল করেছিলেন সেই সময়ে পোর্টসমাউথের ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন। সেই ট্যাকলের ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন বালাক। গুঞ্জন রটল, ঘানার বোয়াটেং ইচ্ছে করেই জার্মানির বালাককে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছেন। জার্মানি আর ঘানা যেহেতু একই গ্রুপে ছিল সেই গুঞ্জন বেশ ডালপালাও মেলল। এ ঘটনার পর কেভিনকে হাতের কাছে না পেলেও তাঁর ভাই জেরোমকে আক্রমণ শুরু করল জার্মান সংবাদমাধ্যম।
এত কিছুর মধ্যেও দুই ভাইয়ের সম্পর্ক ছিল অটুট। কিন্তু বিশ্বকাপে ইতিহাস গড়ে যখন প্রথমবার দুই ভাই মুখোমুখি হলেন, বোঝা গেল প্রতিপক্ষ হয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নন। ১-০ গোলে সেই ম্যাচ জিতে সেবার শেষ হাসিটা ছিল জেরোমের মুখে। ম্যানচেস্টার সিটি ঘুরে হামবুর্গ হয়ে এখন তিনি বায়ার্ন মিউনিখে। অন্যদিকে পোর্টসমাউথের পর মিলান ঘুরে কেভিন যোগ দিয়েছেন শালকেতে। আজ কি বড় ভাই পারবেন ছোট ভাইয়ের কাছে সেদিনের হারের বদলা নিতে?
‘সে আমার ভাই হতে পারে, কিন্তু ম্যাচের সময় আমার ভালোবাসাটা আমি দূরেই সরিয়ে রাখব। আমি এরই মধ্যে ওকে বলেছি, আমার বিপক্ষে যাতে শতভাগ দিয়ে খেলে। আমিও তা-ই করব’—ম্যাচের আগেই কেভিন সতর্ক করে দিয়েছেন ভাইকে। ভাবছেন বায়ার্ন ডিফেন্ডার ছোট ভাই ভড়কে গেল কিনা! মোটেও না। তাঁর কথাটা শুনুন, ‘আমি চেষ্টা করব তাকে না ফেলে আমার কাজটা সারতে। কিন্তু যদি উপায় না থাকে তাহলে সেটাও করতে হবে।’
দুই ভাই এভাবে একে অন্যকে হুমকি দিচ্ছেন। একবার তাঁদের বাবা প্রিন্স বোয়াটেংয়ের মনের অবস্থাটা ভাবুন তো! এএফপি, ওয়েবসাইট।