বোর্গকে ছুঁয়েও বিনয়ী নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লে কোর্টের রাজা’ উপাধিটা পেয়েছেন কয়েক বছর আগেই। কিন্তু সত্যিই রাফায়েল নাদাল রোলাঁ গাঁরোয় বিয়ন বোর্গের ছয় শিরোপা জয়ের রেকর্ড এবারই ছুঁয়ে ফেলতে পারেন কি না, সেটি দেখারই অপেক্ষায় ছিল টেনিস-বিশ্ব। আগের বছরটি দুর্দান্ত কাটালেও ২০১১ সালে নড়বড়ে লাগছিল নাদালকে, মনে হচ্ছিল ক্লান্তও। বছর শুরুর প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়া ওপেনে হারেন কোয়ার্টার ফাইনালেই। নোভাক জোকোভিচের কাছে টানা চারটি ফাইনালে হারের দুঃস্মৃতি নিয়ে পা রাখেন প্যারিসে, যার দুটি আবার তাঁর প্রিয় ক্লে কোর্টে, মাদ্রিদ ও রোম মাস্টার্সে।কিন্তু রোলাঁ গাঁরোতে ফিরলেন সেই অপ্রতিরোধ্য নাদাল। যদিও এখানেও শুরুটা হয়েছিল ভয়ার্ত পায়ে। প্রথম রাউন্ডেই যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে হারতে হারতে জয়। খোদ নাদালই বলেছিলেন, ষষ্ঠ ফ্রেঞ্চ ওপেন জয়ের মতো যথেষ্ট ভালো তিনি খেলছেন না। কিন্তু শেষ পর্যন্ত ষষ্ঠ ফ্রেঞ্চ ওপেন শিরোপা হাতে তুললেন, ছুঁয়ে ফেললেন ছয়বার ফ্রেঞ্চ ওপেনজয়ী সুইডিশ কিংবদন্তি বিয়ন বোর্গকে।শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে একেক করে সব বাধা টপকে এসে নাদাল ফাইনালে পান চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে। ফেদেরারের সাধ্য কি রোলাঁ গাঁরোয় ক্লে কোর্ট রাজা নাদালকে হারান! ভালো শুরুর পরও তাই ফেদেরার কোর্ট ছাড়লেন মাথা নিচু করে। ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮ ও ২০১০ সালের পর ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল।প্রথম সেটে ৩-০-তে এগিয়ে যাওয়া ফেদেরার ৫-২ করে যখন ওটা জিততে চলেছেন, তখনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ৫ গেম জিতে তাঁর মুখের গ্রাস কেড়ে নেন নাদাল। শেষ পর্যন্ত বোর্গের রেকর্ডের অংশীদার হতে ম্যাচ জিতেছেন ৭-৫, ৭-৬ (৭-৩), ৫-৭, ৬-১ গেমে।ফেদেরার ক্লে কোর্টের সর্বকালের সেরা বলে স্বীকৃতি দিয়েছেন নাদালকে। গোটা টেনিস-বিশ্বেরই হয়তো নাদালকে এই শ্রেষ্ঠত্বের মালা পরাতে কুণ্ঠা নেই। নাদাল সর্বকালেরই সেরা হতে যাচ্ছেন কি না, উঠে গেছে সেই আলোচনাই। অঘোষিতভাবে সর্বকালের সেরা বিবেচিত ফেদেরার গ্র্যান্ড স্লাম জিতেছেন সর্বোচ্চ ১৬টি। পরশুরটি নাদালের দশম গ্র্যান্ড স্লাম শিরোপা। ৬টি গ্র্যান্ড স্লাম দূরে বটে, কিন্তু ২৯ ছুঁই-ছুঁই ফেদেরারের চেয়ে নাদাল বয়সে পাঁচ বছরের ছোট। ভবিষ্যৎই বলবে কী হবে। তবে নাদাল ফেদেরারকে ছাড়িয়ে যেতেই পারেন।কিন্তু নিজেকে সর্বকালের সেরা মানতে খোদ নাদালেরই ঘোর আপত্তি, ‘আমি টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড় নই। কিন্তু আমি সেরাদের একজন। আর এটাই আমার জন্য যথেষ্ট।’ বোর্গের রেকর্ড ছোঁয়ার আনন্দ তো আছেই, কিংবদন্তি বোর্গের সঙ্গে তুলনাটাকেও দারুণ উপভোগ করছেন এই স্প্যানিয়ার্ড, ‘বিয়ন বোর্গের ছয়টি ফ্রেঞ্চ ওপেন শিরোপার রেকর্ড ছোঁয়া বিশেষ কিছু। বোর্গের সঙ্গে তুলনাটাও আমার জন্য সম্মানের।’ ছয়টি ফ্রেঞ্চ ওপেন আর ১০টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালকে শ্রদ্ধা জানাচ্ছেন ফেদেরার, ‘১০টি গ্র্যান্ড স্লাম অনেক। এটা সেও (নাদাল) জানে, আমিও জানি, প্রত্যেকেই জানে।’ফ্রেঞ্চ ওপেন জয়টাকে আলোঝলমল এক বছরের ইঙ্গিত হিসেবে দেখছেন নাদাল, ‘ফ্রেঞ্চ ওপেন সব সময়ই আমার জন্য বিশেষ টুর্নামেন্ট। এ বছর এটা আমাকে আরও বড় সুযোগ এনে দিয়েছে। আমি জানি, এখানে জিতলে বছরটা আমার দুর্দান্ত যায়।’ বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের ইঙ্গিতটা উইম্বলডন ও ইউএস ওপেনের দিকে। গত বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এই দুটি শিরোপাও জিতেছিলেন। এবারও যদি তাই হয়, তাহলে ফেদেরারের থেকে মাত্র চারটি গ্র্যান্ড স্লাম পেছনে থাকবেন।উইম্বলডন, ইউএস ওপেন জয়ের স্বপ্ন দেখছেন ফেদেরারও। কারণ নাদালের কাছে রোলাঁ গাঁরোয় হারলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ১৬ গ্র্যান্ড স্লামের মালিক। ২০১০ সালে অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর এই প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা ফেদেরারের কথা, ‘এখন থেকে প্রায় পুরো বছরটা নিয়েই আত্মবিশ্বাসী আমি।’ এএফপি।