বোর্ড-আইসিসিও আজহারের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে তাঁর সততা নিয়ে প্রশ্ন আছে। বাজিকরদের সঙ্গে ‘সুসম্পর্কের’ কারণেই নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু তার পরও এবার সতীর্থ, আইসিসি ও ক্রিকেট বোর্ডের সমর্থন পেলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল পাতানো হয়ে থাকতে পারে—বিনোদ কাম্বলির এমন দাবি উড়িয়ে দিয়েছেন ওই বিশ্বকাপে খেলা তাঁর সতীর্থরা। উড়িয়ে দিয়েছে বিসিসিআই এবং আইসিসিও।প্রথম যে প্রশ্নটি তোলা হচ্ছে, এত দিন ধরে এই কথা মনের মধ্যে কাম্বলি পুষে রেখেছিলেন কেন? বিসিসিআইয়ের সাবেক ও আইসিসির বর্তমান প্রধান শারদ পাওয়ার বলছেন, ‘ও যদি সৎ হতো, দায়বদ্ধ থাকত, তাহলে ওর উচিত ছিল সবার কাছে তা ফাঁস করে দেওয়া। ও যদি কিছু জেনেও থাকে, তার পরও তো সে এত দিন চুপ করে ছিল।’কাম্বলির চরিত্র, অতীতে নানা বেফাঁস মন্তব্যের নজির আছে বলেই হয়তো পাওয়ার মনে করেন, এসব স্রেফ প্রচার পাওয়ার জন্য করা, ‘আমি সত্যিই দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা দায়িত্বজ্ঞানহীন একটা বিবৃতি।’বিশ্বকাপের ওই ম্যাচটি হেরে যাওয়ার কারণেই তাঁর ক্যারিয়ার অকালে শেষ হয়ে গেছে—কান্নাজড়ানো কণ্ঠে বলেছিলেন কাম্বলি। কিন্তু সাবেক ক্রিকেটাররা মনে করিয়ে দিচ্ছেন, একটি অপচায়িত প্রতিভার নাম কাম্বলি। ওই বিশ্বকাপের পরে আরও ৩৫টি ওয়ানডে খেলেছেন স্কুল ক্রিকেটে টেন্ডুলকারের সঙ্গেই আলোচনায় আসা এই ব্যাটসম্যান। বিসিসিআইর সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘ওই ঘটনার পর ১৫ বছরের ঘুম থেকে জেগে উঠে এসব কথাবার্তা যে বলে, তার কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই।’ আজহার পাশে পেয়েছেন সৌরভ গাঙ্গুলীকেও। তবে একটু ঘুরিয়ে এই সাবেক অধিনায়ক বলেছেন, আজহারের নাম জড়িয়ে অনেক গুঞ্জন আছে। আজহারের সময় এসেছে নিজেকে নিষ্কলুষ প্রমাণ করার। রয়টার্স, ওয়েবসাইট।