বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্বে বিরক্ত রিচার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন ভিভ রিচার্ডস। একসময় দুর্দান্ত দাপটে ক্রিকেট-জগত্ শাসন করলেও বর্তমানে ক্যারিবীয় ক্রিকেটের শোচনীয় অবস্থার জন্য দ্বন্দ্ব-বিতর্ককেই দায়ী করেছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।গতকাল এক সংবাদ সম্মেলনে রিচার্ডস বলেছেন, ‘যেসব খেলোয়াড় প্রশাসনে বা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে যে তারা আসলে কী চায়। ভবিষ্যতে ক্রিকেট জগতে তারা কোনো অবদান রাখতে চায় কি না? সেটা তাদের এখনই ভাবতে হবে। কারণ এই মুহূর্তে আমাদের অবস্থা খুবই শোচনীয়। উইন্ডিজ ক্রিকেটের এই নিম্নমুখী গতির জন্য শেষ পর্যন্ত আসলে তারাই দায়ী। ক্রিকেট বোর্ড ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশন—দুই পক্ষকেই সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে। সব ব্যক্তিগত বিষয় দূরে রেখে সবারই এই মুহূর্তে শুধু সার্বিক ক্রিকেট অঙ্গনের উন্নয়নের জন্যই কাজ করা উচিত।’ক্যারিবীয় অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করতে ক্রিকেট যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেটাই সবার আগে মাথায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিচার্ডস। তিনি বলেছেন, ‘শুধু ক্রিকেটেই এই গোটা অঞ্চলের অসংখ্য মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে। অনেক ছোট দেশের প্রতিনিধিত্ব করে উইন্ডিজ ক্রিকেট দল। কাজেই এই সংযুক্তির ব্যাপারটা সবার মাথায় রাখা উচিত এবং এটাকে রক্ষা করা উচিত।’ ইএসপিএন।