বোর্ড পরিচালক মাহমুদের জরিমানা
নির্বাচিত হওয়ার পর বলেছিলেন, একই সঙ্গে বোর্ড পরিচালক থাকা এবং ক্লাবের কোচিং করানোটা সাংঘর্ষিক হবে না, নিজে সৎ থাকলে কঠিন হবে না দুটির সমন্বয় করাও। সেই মাহমুদই কাল মাঠে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ করলেন! ক্রিকেট মাঠে এই অক্রিকেটীয় আচরণের জন্য ম্যাচ রেফারি রকিবুল হাসান তাঁকে শুধু ৫ হাজার টাকা জরিমানাই করেননি, সতর্ক করেছেন ভবিষ্যতের জন্যও।
বোর্ড পরিচালক হওয়া সত্ত্বেও খালেদ মাহমুদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচের চাকরি করছেন। কাল বিকেএসপির মাঠে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ম্যাচে প্রাইম ব্যাংকের খেলোয়াড় সৈকত আলী কী একটা বিষয়ে মন্তব্য করলে আম্পায়ার তাঁকে বলেন, ‘তুমি নিজের খেলা খেলো।’ ম্যাচের মধ্যাহ্নবিরতির সময় সেটা নিয়েই আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ করেন মাহমুদ, কথা বলেন উত্তেজিত ভঙ্গিতে। এ ছাড়া প্রাইম ব্যাংকের ফিল্ডিংয়ের সময় নিয়মবহির্ভূতভাবে মাঠের বাইরে থেকে ফিল্ডারদের নির্দেশনা দেওয়ার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।
ম্যাচ রেফারি শাস্তির সিদ্ধান্ত দিয়েছেন এ দুটি মিলিয়েই। লিখিতভাবে সিদ্ধান্ত জানানোর পরও যেহেতু ম্যাচ শেষে নিজের সপক্ষে যুক্তি দিতে আসেননি মাহমুদ, নিয়ম অনুযায়ী তিনি শাস্তি মেনে নিয়েছেন বলেই ধরে নিতে হবে। শাস্তির সিদ্ধান্তে আপত্তি থাকলে তিনি সেটা ম্যাচ রেফারিকে জানাতেন এবং তখন তাঁর শুনানিও হতো। সিসিডিএমের সদস্যসচিব রকিবুল হায়দার বোর্ড পরিচালক মাহমুদের শাস্তির খবরটি নিশ্চিত করেছেন।
এর আগে গাজী ট্যাংকের বিপক্ষে ম্যাচেও অসদাচরণের জন্য সতর্ক করা হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ মাহমুদকে।