বোর্ড পরিচালক হতে চান আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান জাতীয় নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গতকাল। আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার সমন্বয়ে গঠিত এই কমিটিকেই বহাল রাখার চিন্তাভাবনাই ছিল বিসিবির বর্তমান নীতিনির্ধারকদের। তবে প্রধান নির্বাচক আকরাম খান নিজেকে নতুন ভূমিকায় দেখতে চাইছেন বলে সেটি আর হচ্ছে না। আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটেই থাকতে চান, তবে বোর্ড পরিচালক হিসেবে। ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন তিনি। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে আকরাম বললেন, ‘ছয় বছর তো নির্বাচক হিসেবে কাজ করলাম। যথাসাধ্য চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে, বোর্ড পরিচালক হতে পারলে ক্রিকেটে আরও বেশি কাজ করার সুযোগ হবে।’ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু না হওয়া পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাবেন বলেও জানালেন। নির্বাচন করতে হলে কোনো ক্লাব বা সংস্থা থেকে কাউন্সিলর হতে হবে। আরেকটি পথও অবশ্য আছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর হিসেবেও নির্বাচন করা যায়। আকরাম খানের কথাবার্তায় আভাস পাওয়া গেল, সেটিরই নিশ্চয়তা পেয়েছেন তিনি।