বোর্ড সভাপতির ইচ্ছায় বাদ আশরাফুল!
বোমাই ফাটালেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট দল থেকে তাঁর বাদ পড়ার পেছনে মূল ভূমিকা রেখেছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল, প্রধান নির্বাচক আকরাম খানের উদ্ধৃতি দিয়ে এমন অভিযোগ জাতীয় দলের সাবেক অধিনায়কের।দল থেকে বাদ পড়ার পর কাল চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে টেলিফোনে আশরাফুল বলেছেন, ‘যত দূর জানি কোচ, অধিনায়ক, নির্বাচক—সবাই আমাকে দলে রাখতে চেয়েছেন। কিন্তু ওপরের চাপে আমাকে বাদ দেওয়া হয়েছে।’ আশরাফুলের অভিযোগ, ‘ঢাকায় দ্বিতীয় ওয়ানডের আগের রাতে আকরাম ভাই ফোন করে বলেন, পরের দুই ওয়ানডেতে আমাকে একাদশে রাখা হবে না। কারণ এই দুই ওয়ানডেতে খারাপ করলে নাকি আমাকে তাঁরা টেস্ট দলে নিতে পারবেন না। আমাকে দলে না নিতে বোর্ড সভাপতির চাপ আছে। আমি তখন বলি, আমি ওয়ানডে খেলব। পরে যদি টেস্ট দলে না রাখে তো না রাখবে। এক ম্যাচ খেলেই আমি বাদ পড়তে চাইনি।’ আকরাম খানরা অবশ্য এই প্রতিশ্রুতিও পূরণ করেননি। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলানো হয়নি তাঁকে।কিন্তু ‘ওপরের চাপে’ তো দল থেকে আগেও বাদ পড়েছেন! এবার এ নিয়ে প্রকাশ্যে কেন ক্ষোভ প্রকাশ করছেন আশরাফুল? আশরাফুলের ব্যাখ্যা, ‘অনেক দিন ধরেই আমাকে নিয়ে এ রকম হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফিরলেও এক-দুই ম্যাচ পরই আমাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়। আগেই যদি বলে দেওয়া হয়, এই ম্যাচে খারাপ করলে তুমি বাদ, তাহলে তো ভালো খেলা যায় না! প্রতিবারই বাদ দেওয়ার সময় নির্বাচকেরা বলেন, বোর্ড সভাপতি নাকি আমাকে চান না। পুরো ব্যাপারটা তাই আমার কাছে ঘোলাটে।’প্রধান নির্বাচক আকরাম খান অবশ্য পুরোপুরি স্বীকার করেননি আশরাফুলের অভিযোগ। আশরাফুলের সঙ্গে কথা বলার ঘটনা স্বীকার করলেও বলেছেন, ‘খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে আমি ওদের সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করি। আশরাফুলের সঙ্গে একটু বেশিই বলি। এখন খেলোয়াড়েরা এটাকে ইতিবাচক না নেতিবাচকভাবে নেবে, এটা তাদের ওপর নির্ভর করে। তবে আমি আশরাফুলকে বাদ দিলে বোর্ড সভাপতি বা ওপরের চাপ আছে, এমন কিছু বলিনি।’