বোর্ড সভাপতির বক্তব্যের প্রতিবাদ
জাতীয় লিগ নিয়ে ক্রিকেটার কল্যাণ সমিতির (কোয়াব) বিভিন্ন দাবির জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছিলেন, কোয়াবকে নাকি বিসিবি স্বীকৃতিই দেয় না! কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ওই বক্তব্যকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছে।কোয়াব সভাপতি নাঈমুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৯-এর ৯.৩.৯ ধারা অনুযায়ী কোয়াব বিসিবির স্বীকৃতপ্রাপ্ত সংস্থা। গঠনতন্ত্রের এই ধারা অনুসারে বিসিবিতে কোয়াবের ১ জন কাউন্সিলর আছেন। এ ছাড়া কোয়াবের সঙ্গে আলোচনা করেই সাবেক বোর্ড সভাপতি সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে আরও ১৫ জন কাউন্সিলর মনোনীত করেন। এই ১৫ জন কাউন্সিলরের মধ্য থেকে ৩ জন সাবেক অধিনায়ক ক্যাটাগরি ৩-এ পরিচালক পদে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১ জন পরিচালক বর্তমান ক্রিকেট বোর্ডের নির্বাচিত প্রতিনিধি।কোয়াব বলেছে, ইতিবাচক সাড়া না পেয়ে বাধ্য হয়েই সংবাদ সম্মেলনের মাধমে তারা লিগের ফরম্যাট নিয়ে তাদের বক্তব্য ও আর্থিক সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছিল। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে ক্রিকেটারদের আর্থিক প্রসঙ্গ দূরে সরিয়ে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খেলোয়াড়দের জাতীয় লিগে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বোর্ডের আর্থিক সংকটের কথা ভেবে কোয়াব সিদ্ধান্ত নেয়, ক্রিকেটাররা ২০০৮-০৯ মৌসুমের ম্যাচ ফি ও দৈনিক ভাতা নিয়েই এবারের লিগে অংশ নেবে। সভায় ২০০৯-১০ মৌসুমের জন্য ইতিমধ্যেই বিসিবি-ঘোষিত জাতীয় লিগের স্কোয়াড অক্ষুণ্ন রাখারও দাবি জানানো হয়।