আবাহনী-মোহামেডান বড় ক্লাব। তাদের বিপক্ষে দাঁড়ানোর ঝুঁকি নিতে চায় না সিসিডিএম
বোর্ড সভায় প্রিমিয়ার লিগ!
নদীতে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করতে রাজি নয় সিসিডিএম। আবাহনী-মোহামেডানের মুখোমুখি দাঁড়ানোর সাহস তারা করল না। মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রের বৈধতার ব্যাপারে নিশ্চিত হয়েও তাই লিগ শুরুর সিদ্ধান্ত হয়নি সিসিডিএম স্ট্যান্ডিং কমিটির কালকের সভায়ও। লিগের ভাগ্য ছেড়ে দেওয়া হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের আজকের সভার ওপর।গত ২৮ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে ১৭৭ রানে অলআউট হওয়ার পর আবাহনী অভিযোগ তোলে, পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে ভিক্টোরিয়া অবৈধভাবে খেলাচ্ছে। ইউসুফ আগেরবার মোহামেডানে খেলেছেন এবং মোহামেডান থেকে কোনো ছাড়পত্র না দেওয়ায় এখনো তিনি মোহামেডানেরই খেলোয়াড়। সিসিডিএমের কাছে ভিক্টোরিয়ার জমা দেওয়া ইউসুফের ছাড়পত্র জাল দাবি করে মোহামেডান পরিচালক লোকমান হোসেন ভুঁইয়াও পাশে দাঁড়ান চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর। আবাহনী ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় অবশ্য পরে ম্যাচ রেফারি ভিক্টোরিয়াকে পূর্ণ ২ পয়েন্ট দেওয়ার ঘোষণা দেন।ঘোষণা আসে আবাহনী-মোহামেডান থেকেও। মোহামেডান সিসিডিএমকে জানায়, ইউসুফকে ‘অবৈধ’ভাবে খেলালে তারা সেটা মেনে নেবে না। তার নিবন্ধন বাতিল করতে হবে। দলের ম্যানেজার ওয়াসিম খানও কাল টেলিফোনে একই কথা বললেন, ‘আমরা লিগ খেলব, তবে মোহাম্মদ ইউসুফ অন্য কোনো দলে খেলতে পারবে না। সে এখনো আমাদের খেলোয়াড়।’ ভিক্টোরিয়ার জমা দেওয়া ইউসুফের ছাড়পত্র যে জাল সেটার প্রমাণও দেওয়ার চেষ্টা করেছেন তিনি, ‘ছাড়পত্রে যে তারিখ উল্লেখ আছে, তখনো মোহামেডান লিমিটেড কোম্পানি হয়নি। অথচ কথিত ছাড়পত্রের এক জায়গায় “মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড” উল্লেখ আছে। এতেই প্রমাণিত হয় এটি জাল।’বর্তমানে ভিক্টোরিয়ার গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেও ওই সময়ে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান ছিলেন লুৎফর রহমান। মোহামেডানের দাবি, পুরোনো তারিখ দিয়ে নিজের স্বাক্ষরসহ জাল ছাড়পত্র বানিয়ে সেই সুবিধাটাই নিচ্ছেন তিনি। তবে শুরু থেকেই ভিক্টোরিয়ার দাবি, ইউসুফের ছাড়পত্র বৈধ। বৈধতার সপক্ষে আরও কিছু প্রমাণও সিসিডিএমে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভিক্টোরিয়ার কর্মকর্তা তারিকুল ইসলাম, ‘এটা ঠিক যে মোহামেডান আনুষ্ঠানিকভাবে লিমিটেড কোম্পানি হয়েছে ২০১১ সালের মার্চে। তবে লিমিটেড কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল তার আগে থেকেই। এর প্রমাণ হিসেবে আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট এবং কিছু চিঠি সিসিডিএমে জমা দিয়েছি।’ওদিকে সিসিডিএমকে দেওয়া চিঠিতে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পূর্ণ ২ পয়েন্ট দাবি করেছে আবাহনী। ইউসুফের নিবন্ধন ‘অবৈধ’ উল্লেখ করে দোষীদের শাস্তিও চেয়েছে তারা। আবাহনী-মোহামেডান দুই শক্তিই যখন কাঁধে কাঁধ মিলিয়েছে, তাদের বিপক্ষে লড়ার সাহস পাচ্ছে না সিসিডিএম। কাল স্ট্যান্ডিং কমিটির সভার পর সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফের কণ্ঠে আত্মসমর্পণের সুর, ‘সব পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়েছে ভিক্টোরিয়ার দেওয়া ছাড়পত্র এবং ইউসুফের রেজিস্ট্রেশন বৈধ। তার পরও আমরা বিষয়টা আগামীকালের (আজ) বোর্ড সভায় পাঠিয়েছি। এ ব্যাপারে সভাপতির হস্তক্ষেপ চাচ্ছি।’কিন্তু মোহাম্মদ ইউসুফের নিবন্ধনের বৈধতার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরও কেন সিসিডিএম চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না? ‘আবাহনী-মোহামেডান বড় ক্লাব। তাদের ব্যাপারে সিদ্ধান্তটা বোর্ডের দেওয়াই ভালো’—ক্লাব রাজনীতির দাপটে সিসিডিএমের ক্ষমতার দৌড়টা বোঝা গেল সদস্য সচিবের কথায়।