বোর্ডকে জয়াবর্ধনেদের হুমকি
এসএলপিএলের (শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ) শনির দশা কাটছেই না। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের না ছাড়ায় গত বছর অনেক তর্জন-গর্জন করেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটা নিয়ে এগোতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার ভারতীয় ক্রিকেটারদের ছাড়াই অনেক দূর এগিয়ে গেছে লঙ্কান বোর্ড। কিন্তু বাধা নিজ দেশের ক্রিকেটাররাই। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির একটা সুরাহা না হলে এসএলপিএলের চুক্তিতে সই করবেন না ক্রিকেটাররা, জানিয়ে দিয়েছেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।গত মার্চ থেকে চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে দেনদরবার চলছে জয়াবর্ধনেদের। চুক্তির কিছু শর্ত মানতে আপত্তি ক্রিকেটারদের। এর জের ধরে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেটারদের বেতন। বকেয়া বেতন বেশ কবার সংবাদ শিরোনাম হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হয় এসএলসিকে। গত বিশ্বকাপ আয়োজন, নতুন দুটি স্টেডিয়াম গড়ে বিশাল দেনায় থাকা বোর্ড আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখছে এসএলপিএলকে ঘিরে।তবে কাল এসএলপিএলের যাত্রা শুরুর অনুষ্ঠানে গিয়েও বোর্ডকে হুমকি দিয়ে রাখলেন জয়াবর্ধনে, ‘শ্রীলঙ্কান ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির সমস্যার সুরাহা হলেই কেবল আমরা এসএলপিএলের চুক্তিতে সই করব। মাস খানেক আগে, পাকিস্তান সিরিজের আগে থেকেই এটা নিয়ে আমাদের কথা হয়েছে। আশা করি, আগামী কয়েক দিনের ভেতরে একটা সুরাহা হবে।’ এসএলসির প্রধান উপালি ধর্মদাসা অবশ্য জানিয়ে দিয়েছেন, ২৫ জুলাইয়ের মধ্যে সব ঝামেলা চুকিয়ে ফেলবে বোর্ড।এসএলপিএলের জন্য কদিন আগে ১০৭ জন লঙ্কান ও ৫৬ জন বিদেশি ক্রিকেটারের তালিকা দিয়েছে বোর্ড। এ বছর সাতটি দল খেলবে টুর্নামেন্টে, আগামী বছর থেকে আরও দুটি দল বাড়ানোর পরিকল্পনা আছে। জয়াবর্ধনের খেলার কথা ঘরোয়া টি-টোয়েন্টির সফলতম দল ওয়াইয়াম্বার হয়ে। অবশ্য আগামী ১০ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও এখনো নাকি বাজেটই চূড়ান্ত করতে পারেনি বোর্ড!বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো যেমন আলোড়ন তুলেছে, তেমনি জাগিয়েছে নানা শঙ্কাও। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ নিজ নিজ দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখছে, নাকি ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে, এটা নিয়ে জোর বিতর্ক আছে। সেটা মাথায় রেখেই হয়তো জয়াবর্ধনের সতর্কবার্তা, ‘আমরা আর্থিকভাবে লাভবান হব ঠিক আছে। তবে টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবার মূল লক্ষ্য হওয়া উচিত নতুন প্রতিভা খুঁজে বের করা, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাটাকে ছড়িয়ে দেওয়া, তরুণদের আরও অনুপ্রাণিত করা ও শ্রীলঙ্কার হয়ে খেলার স্বপ্নটাকে বুনে দেওয়া।’ ওয়েবসাইট।