বোর্ডকে সাঙ্গাকারার একহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারই চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটের আগে এটা নিয়ে বিতর্ক হয় একচোট। নিজ দেশের দল, না আইপিএল দল? এবারও যথারীতি হচ্ছে এবং সেই বিতর্কের কেন্দ্রে কুমার সাঙ্গাকারা। তবে লঙ্কান ক্রিকেটের দূত সাঙ্গাকারা এমন একটা বিতর্কে থেকে যথেষ্টই বিব্রত। তাঁকে এই বিতর্কে টেনে এনে ‘ভাবমূর্তি নষ্ট’ করার জন্য সাবেক লঙ্কান অধিনায়ক একহাত নিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। আর মোটা অঙ্কের ক্ষতি স্বীকার করেও চ্যাম্পিয়নস লিগে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ নয়, বেছে নিয়েছেন নিজ দেশের দল কান্দুরাতা ওয়ারিয়র্সকে।
এসএলসি সচিব নিশান্থা রানাতুঙ্গা কদিন আগে প্রকাশ্যে আহ্বান জানান, কান্দুরাতার আইপিএল ক্রিকেটাররা যেন আইপিএল দলকে বাদ দিয়ে ‘দেশের জন্য’ খেলেন। সাঙ্গাকারাই যেহেতু একমাত্র এমন ক্রিকেটার, তিরটা ছিল তাঁর দিকেই। সাঙ্গাকারার সঙ্গে একান্ত বৈঠকও করেন রানাতুঙ্গা। শেষ পর্যন্ত কান্দুরাতার হয়েই খেলার সিদ্ধান্ত নেন সাঙ্গাকারা। সানরাইজার্সে খেললে এক লাখ ৪০ হাজার মার্কিন ডলার পেতেন, সেটা পাবেন না। এই ক্ষতিটা মেনে নেওয়া সহজ ছিল না, শ্রীলঙ্কার হয়ে খেলে সাঙ্গাকারার পুরো এক বছরের আয় এই অঙ্কের কাছাকাছি।
তবে সাঙ্গাকারা খেপেছেন ব্যাপারটিকে এসএলসি সচিব ভিন্ন খাতে প্রবাহিত করায়, ‘দেশের প্রতি আমার দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে দায়িত্বশীল একজনের দেওয়া বিবৃতি আমাকে হতাশ করেছে। আমাকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলতে এবং ভাবমূর্তি নষ্ট করতেই এই বিবৃতি। এমনভাবে প্রচার করা হয়েছে যেন এটি ক্লাব বনাম ফ্র্যাঞ্চাইজি বা অর্থ বনাম নৈতিকতার বিষয়। এটা খুবই অন্যায় কারণ, বাস্তবে ব্যাপারটি মোটেও এমন নয়। এটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজিরা পরস্পরের সঙ্গে খেলে। দেশের কোনো ব্যাপার নেই। অথচ এটা এমনভাবে তোলা হয়েছে যে আমি নিজ দেশ ছেড়ে অর্থকে বেছে নিয়েছি।
অর্থলোভী হিসেবে প্রচারের চেষ্টাটাও প্রচণ্ড কষ্ট দিয়েছে সর্বকালের অন্যতম সেরা লঙ্কান ব্যাটসম্যানকে, ‘২০০৩ সালে জাতীয় দলের চুক্তিতে ঢোকার পর থেকে আজ পর্যন্ত কোনো ঘরোয়া দলে খেলার জন্য একটি টাকাও নিইনি আমি। এমনকি প্রাইজমানিও নয়। সব সময়ই সতীর্থদের বা দলকে কিংবা মাঠকর্মীদের দিয়ে দিয়েছি। কারণ কেন্দ্রীয় চুক্তি থেকে এমনিতেই আমি যথেষ্ট উপার্জন করি। অথচ সাধারণ্যে আমার খুবই বাজে একটি ভাবমূর্তি তুলে ধরা হয়েছে।’
এবার নিজ দেশের ক্লাব ও আইপিএল দল বাছাইয়ের ঝামেলায় যেতে হয়েছে ১১ জনকে। একমাত্র সাঙ্গাকারাই বেছে নিয়েছেন নিজ দেশের দলকে। ওয়েবসাইট।