বোর্ডকেও দায় দিচ্ছেন সাবেকরা
প্রয়োজন মনে করলে কাউকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতেই পারে বোর্ড। তবে বিদায়টা অবশ্যই সম্মানজনক হওয়া উচিত। জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সাকিব আল হাসানকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সে সম্মানটুকু দেখানো হয়নি বলেই মনে করেন সাবেক অধিনায়কেরা।অধিনায়কত্ব হারানো সাকিবের জন্য যতটা না গ্লানির, জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক ও সাবেক নির্বাচক নাঈমুর রহমান মনে করেন, এতে স্পষ্ট হয়ে উঠেছে বিসিবির ব্যর্থতাও। ‘দুই পক্ষই সতর্ক থাকলে হয়তো এটা হতো না। সাকিব-তামিম আত্মকেন্দ্রিক, দলের কথা ভাবে না—এ রকম অভিযোগ আগেও ছিল। বোর্ড কেন আগে এসব ব্যাপারে ব্যবস্থা নেয়নি? আগে যাঁরা পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে বিদেশে গেছেন, তাঁরা কী করেছেন?’—প্রশ্ন নাঈমুরের।বিসিবিতে এত কমিটি থাকার পরও কেন সাকিবকে আগে থেকে বিষয়টা জানানো হলো না, নাঈমুর তুলেছেন সেই প্রশ্নও, ‘ক্রিকেট অপারেশনস, টেকনিক্যাল—কত কমিটিই আছে বোর্ডে। সিদ্ধান্তটা নেওয়ার আগে তাদের অবশ্যই সাকিবের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’ একপেশে সিদ্ধান্ত সাকিব-তামিমকে দলের ভেতরে আরও বেশি আত্মকেন্দ্রিক করে দিতে পারে—ভয় নাঈমুরের।জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও সাবেক সহকারী কোচ খালেদ মাহমুদ মনে করেন, শুধু জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতার কারণেই নেতৃত্ব হারাননি সাকিব-তামিম। ‘মনে হয় না, শুধু জিম্বাবুয়ে সিরিজের কারণে এটা হয়েছে। এটা অনেক দিন ধরে ঘটা কিছু ঘটনার পরিণতি’—বলেছেন মাহমুদ। মাঠে সাকিবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন না থাকলেও জাতীয় দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সাকিব আমাদের সেরা খেলোয়াড়। রেকর্ডই বলে মাঠে তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন নেই। তবে মাঠের বাইরে সমস্যা আছে। দলের এবং খেলোয়াড়দের খারাপ সময়ে তাদের উজ্জীবিত করতে হয় অধিনায়ককে। সাকিবের মধ্যে এটার অভাব আছে।’সাকিবের নেতৃত্ব হারানোর কারণ এসবই। জিম্বাবুয়ে সফর নিয়ে হেড অব ডেলিগেশন এবং নির্বাচকের দেওয়া রিপোর্টেও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অধিনায়ক, সহ-অধিনায়ক হিসেবে মাঠের বাইরে সাকিব-তামিম যথেষ্ট ভূমিকা রাখতে পারছেন না বলে মনে হয়েছে তাঁদের। এ ছাড়া দল নির্বাচনে জোর খাটানো, কোচের সঙ্গে তর্ক—এসব অভিযোগও আছে।অভিযোগগুলো পুরোনো। সাকিব-তামিমের ভাগ্যে তাই এটাই লেখা ছিল বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তবে মানতে পারছেন না আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়াটাকে, ‘সাকিব-তামিমরা বয়সে তরুণ। ভুল তারা করতেই পারে। কিন্তু বিসিবি বা বিসিবির কর্মকর্তারা তো তরুণ নন। তাঁরা ভুল করবেন কেন? কাউকে অধিনায়ক করার সময় যে সম্মান দেওয়া হয়, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়ও তা দেওয়া উচিত। সাকিব কেন মিডিয়ার কাছে জানবে সে আর অধিনায়ক নয়?’যেসব কারণে নেতৃত্ব পাওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই সেটা হারালেন সাকিব, সেসব সামলাতেও বোর্ড ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন মাসুদ, ‘দলে এখন সে রকম কোনো সিনিয়র ক্রিকেটার নেই, যাদের কাছ থেকে তারা পরামর্শ নেবে। অনেক সময় তারা ভুলটা শেখে, ভুলটা বোঝে। বোর্ডের উচিত ছিল এই জিনিসগুলো ভালোভাবে সামলানো।’এরপর সবচেয়ে মৌলিক প্রশ্নটাই তুললেন মাসুদ, ‘নেতৃত্বের গুণাবলিই যদি না থাকে, অপরিণত সাকিবকে কেন তখন হুট করে অধিনায়ক করা হয়েছিল? তার মানে, বোর্ডও বুঝতে পারেনি কাকে অধিনায়ক করা উচিত!’সাকিবের ওপর চেপে বসা দায়টা তাহলে বোর্ডেরই! তার চেয়েও বড় প্রশ্ন—এবার কি তারা বুঝতে পারবে কার মধ্যে আছে নেতৃত্বের গুণাবলি? নাকি সাকিবের মতো ‘গিনিপিগ’ হতে যাচ্ছেন নতুন কেউ!