টেস্ট ক্রিকেটের প্রথম দিনটিতে শুধু পাকিস্তানিদের নয়, গ্রায়েম স্মিথ যথেষ্ট যন্ত্রণা দিয়েছেন অস্ট্রেলিয়ানদেরও। অবাক হচ্ছেন তো? ১০০ রানের ইনিংসটিতেই যে পেছনে ফেলেছেন সাবেক ও বর্তমান দুই অস্ট্রেলীয় অধিনায়ককে! সাবেককেই ছাড়িয়েছেন প্রথমে। ব্যক্তিগত ৬০ রানের সময় অ্যালান বোর্ডারকে টপকে অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন স্মিথ। ক্যারিয়ারের ৮৭ টেস্টের ৭৯টিতেই স্মিথ ছিলেন অধিনায়ক, রান ৬৬৬৪। নেতৃত্ব দেওয়া ৯৩ টেস্টে বোর্ডারের রান ছিল ৬৬২৩। খুব কাছাকাছি আছেন রিকি পন্টিংও, অধিনায়কত্ব করা ৭৩ টেস্টে পন্টিংয়ের রান ৬৪২৯। সেঞ্চুরির রেকর্ডে কিন্তু কালকের আগে এক সারিতেই ছিলেন পন্টিং-স্মিথ। তবে কালকের সেঞ্চুরিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ২০টি সেঞ্চুরি এখন এককভাবে স্মিথের। দুজনই এখনো খেলছেন, দুটো রেকর্ডই তাই হাতবদল হতে পারে কয়েকবার। তবে শেষ পর্যন্ত জয়ী হওয়ার সম্ভাবনা বেশি স্মিথেরই, তাঁর যে বয়স কম ৬ বছর!