বোর্ডারকে ছাড়িয়ে চন্দরপল...
১৯৯৪ সালের মার্চে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন সে সময়ের সর্বোচ্চ ১১১৭৪ রান করা অ্যালান বোর্ডার। ওই মাসেই জর্জটাউনে টেস্ট অভিষেক শিবনারায়ণ চন্দরপলের। ১৯ বছর পর কাল বোর্ডারকে ছাড়িয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। বোর্ডারের রেকর্ড ভেঙে গেছে সেই কবেই। টেস্টে সর্বকালের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় কাল আরেক ধাপ পেছালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তাঁকে টপকেই যে ছয়ে উঠে গেলেন ‘কিংবদন্তি’ চন্দরপল (১১১৯৯)।
অপরাজিত ১২২। কাল হ্যামিল্টন টেস্টে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করে ৩৯ বছর বয়সী চন্দরপল ছুঁয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরিসংখ্যাও। এক গ্রেটকে ছাড়িয়েছেন, ছুঁয়েছেন ‘গ্রেটেস্ট’কে। কাল চন্দরপল সবচেয়ে বড় প্রশংসাটা পেলেন সতীর্থ দিনেশ রামদিনের কাছ থেকে। ক্যারিবীয় উইকেটকিপারের কাছে চন্দরপল ‘একজন কিংবদন্তি’। প্রতিপক্ষ দলেও গুণমুগ্ধের অভাব নেই, তাঁদেরই একজন কেন উইলিয়ামসন যেমন বললেন, ‘সে অসাধারণ, তার মাপের খেলোয়াড়ের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই।’
শুধু স্তুতি শুনেই নয়, চন্দরপল নিজেও স্তুতি গেয়েছেন বোর্ডারের, ‘এ বি (বোর্ডার) খুব বড় মাপের মানুষ ছিলেন। অতীতে যখন আমাদের অনেক ফাস্ট বোলার ছিল, তখনই তিনি আমাদের বিপক্ষে প্রচুর রান করেছেন। এখানে পৌঁছাতে পেরে ভালো লাগছে। সব বড় খেলোয়াড়ই তো আছেন এখানে।’
বোর্ডারকে ছাড়ানো চন্দরপলের সামনে এখন সাবেক সতীর্থ ব্রায়ান লারা। দুজনের ব্যবধান ৭৫৪ রানের। লারাকে ছাড়াতে চান কি না—এই প্রশ্নের উত্তর অবশ্য কূটনৈতিক ঢঙেই দিলেন চন্দরপল, ‘আমি শুধু ম্যাচ ধরে ধরে এগোতে চাই, চাই যতটা সম্ভব ভালো করতে।’
চন্দরপলকে ভালো তো খেলতেই হবে। লারার অবসরের পর এক্কা গাড়ির মতো চন্দরপলই তো টানছেন ওয়েস্ট ইন্ডিজকে। এএফপি।
টেস্টে সবচেয়ে বেশি রান
ম্যাচ ইনিংস অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার ২০০ ৩২৯ ৩৩ ১৫৯২১ ২৪৮* ৫৩.৭৮ ৫১/৬৮
রিকি পন্টিং ১৬৮ ২৮৭ ২৯ ১৩৩৭৮ ২৫৭ ৫১.৮৫ ৪১/৬২
রাহুল দ্রাবিড় ১৬৪ ২৮৬ ৩২ ১৩২৮৮ ২৭০ ৫২.৩১ ৩৬/৬৩
জ্যাক ক্যালিস ১৬৫ ২৭৮ ৪০ ১৩১৪০ ২২৪ ৫৫.২১ ৪৪/৫৮
ব্রায়ান লারা ১৩১ ২৩২ ৬ ১১৯৫৩ ৪০০* ৫২.৮৮ ৩৪/৪৮
শিবনারায়ণ চন্দরপল ১৫৩ ২৬০ ৪৫ ১১১৯৯ ২০৩* ৫২.০৮ ২৯/৬২
অ্যালান বোর্ডার ১৫৬ ২৬৫ ৪৪ ১১১৭৪ ২০৫ ৫০.৫৬ ২৭/৬৩
স্টিভ ওয়াহ ১৬৮ ২৬০ ৪৬ ১০৯২৭ ২০০ ৫১.০৬ ৩২/৫০
মাহেলা জয়াবর্ধনে ১৩৮ ২৩২ ১৪ ১০৮০৬ ৩৭৪ ৪৯.৫৬ ৩১/৪৫
কুমার সাঙ্গাকারা ১১৭ ২০০ ১৬ ১০৪৮৬ ২৮৭ ৫৬.৯৮ ৩৩/৪২
* সব পরিসংখ্যান গতকাল পর্যন্ত