বোর্ডে মুখোমুখি দুই ‘ভাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানের সম্পর্কে শীতলতা—এই খবরকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়ক দুজনের সম্পর্কটাকে ব্যাখ্যা করেছেন এভাবে, ‘উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন, আমিও ওনাকে বড় ভাইয়ের মর্যাদা দিই।’ চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সাকিব জানিয়েছিলেন, তাঁদের দুজনের সম্পর্কে ভাঙনের খবর ছাপা হওয়ার পর আর মাশরাফির সঙ্গে দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে; সবকিছু ঠিক আছে।ওই ঘটনার পর এই ‘বড় ভাই’-‘ছোট ভাই’য়ের কালই প্রথম দেখা হলো। দুজনই নিজেদের ব্যক্তিগত কাজে গিয়েছিলেন বোর্ড অফিসে। দেখা হয়েছে ঠিক, তবে সম্পর্কের শীতলতা নিয়ে চারদিকে যে হইচই, তা নিয়ে দুজনের মধ্যে কোনো কথা হয়নি। বোর্ড সূত্র জানিয়েছে, দুজন দুজনকে দেখে এগিয়ে গিয়ে শুধু কুশল বিনিময়ই করেছেন।মাশরাফি বোর্ড অফিসে গিয়েছিলেন ছুটির দরখাস্ত নিয়ে। আর সাকিবের ছিল ব্রিটিশ ভিসার কাগজপত্র তৈরির কাজ। মাশরাফির ছুটি নেওয়ার কারণ আইপিএলে খেলতে যাওয়া এবং সাকিব ব্রিটিশ ভিসার কাগজ তৈরি করছেন উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার জন্য।মাশরাফির ছুটির দরখাস্ত মঞ্জুর করেছে বিসিবি কর্তারা। ১৪ এপ্রিল পর্যন্ত লম্বা ছুটিই পেয়েছেন তিনি। ছুটি শেষে ১৫ এপ্রিল দলে যোগ দেবেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা। সেদিন থেকেই শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ সদস্যের দলে আছেন সদ্য সাবেক হয়ে পড়া বাংলাদেশ অধিনায়ক।টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো খেলবেনও মাশরাফি। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তাঁর। বাংলাদেশ যখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে, তখন হয়তো তিনি থাকবেন ভারতে। আজ ভিসার কাজে ভারতীয় দূতাবাসে যাবেন মাশরাফি। ভিসা হাতে পেলেই চরে বসবেন কলকাতাগামী বিমানে।আইপিএলে মাশরাফির দল কলকাতা নাইটরাইডার্স। গত বছরও এই দলেই খেলেছেন। তবে গত আইপিএলটা মাশরাফির জন্য মোটেই আনন্দের ছিল না। কলকাতা নাইটরাইডার্সের গত বছরের কোচ জন বুকানন তাঁকে খেলিয়েছিলেন মাত্র তিনটি ম্যাচ। আর তাতে ভালোও করতে পারেননি। তবে মাশরাফির এবারের আইপিএলটা অন্য রকম হবে বলেই সবার বিশ্বাস। কারণ কলকাতা নাইটরাইডার্সের এবারের কোচ যে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। তবে হোয়াটমোর কোচ বলেই যে কোনো বাড়তি সুবিধা পাবেন, তেমনটা মনে করছেন না মাশরাফি, ‘হোয়াটমোর আছে বলেই যে বেশি ম্যাচ খেলার সুযোগ পাব, ব্যাপারটা সে রকম নয়। আমার ক্ষেত্রে গত বছরের মতো কিছুও ঘটতে পারে। দলের কম্বিনেশন যেভাবে ভালো হয়, কোচ তো সেটাই করবেন।’কম্বিনেশন-টেশন কারণে নয়, মাশরাফিকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ওয়ানডের বাংলাদেশ দল থেকে বাইরে রাখা হয়েছিল ‘বিশ্রাম’ দিতে। তবে আজ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রস্তুতিতে তাঁকে ডেকেছেন কোচ জেমি সিডন্স। কোচের আহ্বানে সাড়া দিতেই মাশরাফি আজ একবার মিরপুর ইনডোরে আসবেন। তবে অনুশীলন তাঁর করা হবে না। কারণ, আজ থেকেই ভারতের ভিসা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করতে হচ্ছে তাঁকে।