বোর্ডের অনুমতি না নিয়েই এসএলপিএলে!
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। কে কোন দলে খেলবেন, সেই ঘোষণাও দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। অথচ বিস্ময়কর হলেও সত্যি, এ ব্যাপারে কাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বিসিবি। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরও এসএলপিএলের সঙ্গে চুক্তি করার আগে বোর্ডের অনুমতি নেননি জাতীয় দলের অধিনায়কসহ পাঁচ ক্রিকেটার।এসএলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের চুক্তিবদ্ধ হওয়ার খবর সংবাদমাধ্যমেই প্রথম জেনেছেন—এমন দাবি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর, ‘শ্রীলঙ্কা ক্রিকেট অনেক আগে আমাদের জানিয়েছিল, তারা এ রকম একটা টুর্নামেন্ট করবে। কিন্তু আমাদের কোন কোন খেলোয়াড় সেখানে খেলবে, বা তাদের সঙ্গে কবে, কী ধরনের চুক্তি হবে এ রকম কিছুই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কোনো খেলোয়াড়ও এই টুর্নামেন্টে খেলতে বোর্ডের অনুমতি চায়নি।’ এসএলপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল বিসিবির সঙ্গে ‘এ প্লাস’ শ্রেণীতে চুক্তিবদ্ধ। এ ছাড়া নাসির হোসেন ‘সি’ ও ইলিয়াস সানি আছেন ‘নবাগত’ শ্রেণীতে।বোর্ডের একটি সূত্রে অবশ্য জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট নাকি কিছুদিন আগে বিসিবির এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলোচনা করেছিল। সে আলোচনার সূত্র ধরে আট-দশ দিন আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি জানিয়ে ই-মেইল গেছে শ্রীলঙ্কা ক্রিকেটে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট থেকে আর কিছু জানানো হয়নি। তবে তারা যদি এতেই ‘বিসিবিকে জানানো হয়ে গেছে’ মনে করে থাকে, তার পরও ক্রিকেটারদের অনুমতি না নেওয়ার প্রসঙ্গটি এড়ানো যায় না। চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে অন্য যেকোনো চুক্তি করতেই বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ব্যাপারটা একটু দেরিতে হলেও বুঝতে পারছেন পাঁচ ক্রিকেটারের একজন মুশফিকুর রহিম, ‘আমরা কাগজপত্রে সই করেছি এজেন্টের মাধ্যমে। ভেবেছিলাম এজেন্টরাই হয়তো কথা বলেছে বোর্ডের সঙ্গে। এটা হয়তো ভুলই হয়েছে। আমাদের অবশ্যই বোর্ডের অনুমতি নেওয়া উচিত ছিল।’ নিজেদের এসএলপিএল-ভবিষ্যৎটাও তাই মুশফিক ছেড়ে দিচ্ছেন বিসিবির হাতে, ‘ভুল হলে বোর্ডই ঠিক করে দেবে আমাদের কী করতে হবে। বোর্ড না বললে খেলব না।’অবশ্য বিসিবির আপত্তি কেবল অনুমতি না নেওয়ার প্রসঙ্গেই। নইলে বাংলাদেশের খেলোয়াড়দের এসএলপিএলে খেলায় বোর্ড বাধা হতে চায় না। বিনা অনুমতিতে চুক্তি করেও তাই হয়তো সাবধানবাণীতেই পার পেয়ে যাবেন ক্রিকেটাররা। তবে জটিলতা সৃষ্টি হচ্ছে এসএলপিএলের সঙ্গে চুক্তির মেয়াদ নিয়ে। এসএলপিএলে চুক্তি তিন বছরের চুক্তি, কিন্তু বিসিবি মেয়াদটা এক বছরের বেশি করতে রাজি নয়।এসব বিষয়ে কালই সরাসরি কিছু বলেননি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী। শুধু বলেছেন, ‘আমরা এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। কাগজ-পত্র দেখলে বুঝতে পারব কী ধরনের চুক্তি হয়েছে। সবকিছু দেখার পরই সিদ্ধান্ত জানানো হবে।’