বোর্ডের আমন্ত্রণ পাননি কপিল দেব
আইপিএলের বিপরীতে বিদ্রোহী আইসিএল আয়োজনের উদ্যোগ নেওয়ার কারণে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের উপেক্ষার শিকার হচ্ছেন কপিল দেব। সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে। তবে এই অবহেলাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না কপিল দেব। ক্রিকেট বোর্ডের স্বীকৃতি আদায় করাটা খুব বেশি জরুরিও নয় বলে জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ না জানালেও ভারতীয় ক্রিকেটে অবিস্মরণীয় অবদান রাখার জন্য দেড় কোটি রূপী পুরস্কার দেওয়া হবে কপিলকে। তবে এখন ক্রিকেট বোর্ডের এই অবহেলাকে খুব একটা পাত্তাও দিচ্ছেন না তিনি। আজ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে কপিল বলেছেন, ‘যদি তারা ভারতীয় ক্রিকেটে আমার অবদানের কোনো স্বীকৃতি দিতে না চায়, তাহলে আমি জোর করে এই স্বীকৃতি আদায় করতে পারব না। তাদের যাকে খুশি, তাকেই তারা আমন্ত্রণ জানাবে। আমার এখানে কিছুই বলার নেই। আমি সব সময়ই একটা ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেছি। আর এখন নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে থাকতে চাই না।’ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে প্রথম থেকেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন কপিল দেব। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন ছাড়াই যে বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) শুরু হয়েছিল, সেটার অন্যতম কর্ণধার ছিলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। এর পর থেকেই বিসিসিআইয়ের রোষানলের মুখে পড়েন কপিল। তবে এখন আইপিএলের প্রতি কোনো বিদ্বেষ নেই বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি এই প্রতিযোগিতাটির একজন উত্সাহী দর্শক। এ বছরের আইপিএলটা খুব ভালো হয়েছে। আমরা বেশ কয়েকটা ভালো ম্যাচ দেখতে পেরেছি। এখন পর্যন্ত প্রতিযোগিতাটি খুবই আনন্দদায়ক হয়েছে।’