বোর্ডের ছাতার নিচে ১২০ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিবুল বাশার মাইক্রোফোন হাতে নিলেন হাসিমুখে। হাসতে হাসতেই বললেন, ‘আমার সামনে বসা ক্রিকেটারদের হাসি দেখেই বোঝা যাচ্ছে ওরা কত খুশি।’ সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচকের কথা শুনে আরও চওড়া হলো সামনে বসা ক্রিকেটারদের হাসি। দেশের ক্রিকেটারদের জন্য, আরও নির্দিষ্ট করে বললে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের জন্য কালকের দিনটি ছিল এমনই আনন্দের। দেশের ক্রিকেটে অবদানের একটা স্বীকৃতি অবশেষে পাচ্ছেন তাঁরা। দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটা প্রক্রিয়াও শুরু হলো। চুক্তির আওতায় আনা হলো দেশের আটটি প্রথম শ্রেণীর দলের ১২০ জন ক্রিকেটারকে।ঘোষণাটা এসেছিল আগেই। কাল মিরপুরে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র তুলে দেওয়া হলো ৩০-৩২ জনের হাতে। শিগগিরই চুক্তিপত্র পেয়ে যাবেন বাকিরাও। আটটি দলের ১৫ জন করে ক্রিকেটারকে আনা হচ্ছে চুক্তির আওতায়। তবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৫ জন থাকছেন এই চুক্তির বাইরে। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের প্রথম বছরের চুক্তিতে তাই থাকছেন ১০৫ জন। আগামী জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থাকছে এই চুক্তির মেয়াদ। সম্মানী দেওয়া হবে তিনটি গ্রেডে। এক থেকে পাঁচ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা ক্রিকেটাররা থাকছেন ‘সি’ গ্রেডে, পাবেন মাসে ১৫ হাজার টাকা। ২০ হাজার টাকা পাবেন ‘বি’ গ্রেডে থাকা ৬ থেকে ১০ বছর খেলা ক্রিকেটাররা । আর ‘এ’ গ্রেডে থাকা ১১ বছর ও এর বেশি সময় খেলা ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার টাকা।প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দেওয়ার দাবি ছিল অনেক দিনের। জাতীয় দলে খেলার সুদূর লক্ষ্য নিয়ে যাঁরা প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রেখেছেন, যাঁরা জাতীয় দলের আশপাশে আছেন কিংবা যাঁদের আর জাতীয় দলে খেলার বাস্তব সম্ভাবনা নেই, কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য বড় একটা উৎসাহের বার্তা হয়েই এল এই চুক্তি। বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল টাকার অঙ্কটার চেয়ে স্বীকৃতিটাকেই দেখতে বলছেন বড় করে, ‘টাকার পরিমাণটা মুখ্য নয়। কারও জন্য হয়তো এই টাকা যথেষ্ট, কারও জন্য নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, দেশের ক্রিকেটে যাঁরা অবদান রাখছেন, তাঁদের আমরা সম্মান জানাতে পারছি। আর আশা করি, এখন থেকে জাতীয় লিগকে কেউ আর পিকনিক ক্রিকেটও বলতে পারবে না।’হাবিবুলের কণ্ঠেও একই আশাবাদ, ‘আমি যখন খুলনা দলের অধিনায়ক ছিলাম, তখন জাতীয় লিগে সতীর্থদের অনুপ্রাণিত করতে আমার অনেক কষ্ট হতো। যত কিছুই বলা হোক, আর্থিক নিরাপত্তা একটা বড় ব্যাপার। আশা করি, এখন আর অনুপ্রেরণার অভাব হবে না।’ ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে কথা বললেন আট বছর আগে জাতীয় দলে সর্বশেষ খেলা হান্নান সরকার। এই ওপেনারের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি, ‘এটা আসলে আমাদের প্রাপ্যই ছিল, প্রাপ্যটা পেয়ে ভালো লাগছে। আশা করি জাতীয় লিগের মান এখন বাড়বে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে যেমন প্রতিদ্বন্দ্বিতা, এই চুক্তিতে ঢোকা নিয়েও তেমন লড়াই হবে।’চুক্তি ঘোষণার উপলক্ষটা হয়ে দাঁড়িয়েছিল একটা মিলনমেলাও। আফতাব আহমেদকে দেখেই যেমন হইহই করে উঠলেন নানা সময়ের সতীর্থরা; ‘আকাশের চাঁদ’-এর দেখা পাওয়া যেন, শাহরিয়ার নাফীস ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন! তুষার ইমরান, নাফিস ইকবাল, তারেক আজিজ, তালহা জুবায়ের, তাপস বৈশ্য, ইমতিয়াজ হোসেন, ফয়সাল হোসেন, নাসিরুদ্দিন ফারুক, ফরহাদ হোসেন, মাহবুবুল আলম—ছিলেন নানা প্রজন্মের ক্রিকেটাররা। এই আনন্দের উপলক্ষ থেকে মিলল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নতুন শুরুর আশাবাদ। বাড়ল আশার পরিধিও। আর্থিক নিরাপত্তার পর এবার ঘরোয়া ক্রিকেট কাঠামো, অবকাঠামোসহ অন্যান্য সমস্যার সমাধানও যদি করা হয়!বিসিবির চুক্তিতে আসা ক্রিকেটাররাঢাকা বিভাগশুভাগত হোম (কেন্দ্রীয় চুক্তি)। এ গ্রেড: ইমরান আহমেদ। বি গ্রেড: মাহবুবুল আলম, হান্নান সরকার, মোহাম্মদ শরীফ, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, উত্তম সরকার, রকিবুল হাসান, শাহাদাত হোসেন। সি গ্রেড: নাজমুল হোসেন, রনি তালুকদার, সৈকত আলী, তৈয়বুর রহমান, নাজমুল ইসলাম।রাজশাহী বিভাগমুশফিকুর রহিম, জহুরুল ইসলাম ও শফিউল ইসলাম (কেন্দ্রীয় চুক্তি)। এ গ্রেড: আনিসুর রহমান। বি গ্রেড: মোহাম্মদ শাহাজাদা, ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিক, ফরহাদ রেজা, সাকলাইন সজীব, দেলোয়ার হোসেন। সি গ্রেড: জুবায়ের আহমেদ, মিজানুর রহমান, সাব্বির রহমান, মুক্তার আলী, সানজামুল ইসলাম।চট্টগ্রাম বিভাগতামিম ইকবাল ও নাজিমউদ্দিন (কেন্দ্রীয় চুক্তি)। এ গ্রেড: নাফিস ইকবাল, ফয়সাল হোসেন। বি গ্রেড: আফতাব আহমেদ, গাজী সালাউদ্দিন, ইয়াসিন আরাফাত, কামরুল ইসলাম, রায়হান উদ্দিন, রেজাউল করিম। সি গ্রেড: সাদিদ হোসেন, মাহবুবুল করিম, মমিনুল হক, ইকবাল হোসেন, নূর হোসেন।খুলনা বিভাগমাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস ও রুবেল হোসেন (কেন্দ্রীয় চুক্তি)। এ গ্রেড: তুষার ইমরান। বি গ্রেড: নাজমুস সাদাত, সগীর হোসেন, জিয়াউর রহমান, নিজামউদ্দিন। সি গ্রেড: ডলার মাহমুদ, তাপস ঘোষ, মুরাদ খান, মোহাম্মদ মিঠুন, এনামুল হক।বরিশাল বিভাগএ গ্রেড: শাহীন হোসেন। বি গ্রেড: সৈয়দ রাসেল, নাসিরউদ্দিন ফারুক, শাফাক আল জাবির, মনির হোসেন, আবুল বাশার, ইফতেখার নাঈম, শাহরিয়ার নাফীস। সি গ্রেড: ইশরাক সনেট, তারিকুল ইসলাম, ফজলে মাহমুদ, কামরুল ইসলাম, বিকাশ শর্মা, মোহাম্মদ সজীব, সোহাগ গাজী।সিলেট বিভাগনাজমুল হোসেন (কেন্দ্রীয় চুক্তি)। এ গ্রেড: রাজিন সালেহ, ইমতিয়াজ হোসেন। বি গ্রেড: এজাজ আহমেদ, তাপস বৈশ্য, অলক কাপালি, এনামুল হক, নাবিল সামাদ, গোলাম রহমান, গোলাম মাবুদ, রবিউল ইসলাম। সি গ্রেড: আবুল হাসান, সায়েম আলম, আবু জায়েদ, শাকের আহমেদ।ঢাকা মহানগরমাহমুদউল্লাহ ও ইলিয়াস সানি (কেন্দ্রীয় চুক্তি)। বি গ্রেড: মোহাম্মদ আশরাফুল, তারেক আজিজ, আরাফাত সানি, আরাফাত সালাউদ্দিন, নাদিফ চৌধুরী, মেহরাব জুনিয়র, তালহা জুবায়ের, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আরমান হোসেন, শরীফউল্লাহ। সি গ্রেড: আসিফ আহমেদ, তাসামুল হক।রংপুর বিভাগনাসির হোসেন (কেন্দ্রীয় চুক্তি)। বি গ্রেড: নাঈম ইসলাম, ধীমান ঘোষ, সাজিদুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী। সি গ্রেড: আরিফুল হক, শুভাশিষ রায়, মাহমুদুল হাসান, তারিক আহমেদ, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, সায়মন আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এ আর রহমান, লিটন দাস।