বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব মিটেছে লঙ্কান ক্রিকেটারদের
শ্রীলঙ্কার ক্রিকেটাররা এত দিন নিজেদের বঞ্চিতই ভাবতেন। বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্ব-অসন্তোষ পৌঁছেছিল চূড়ান্তে। গত চার বছরে এক পয়সাও বেতন না বাড়ায় ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা। তবে দেরিতে হলেও এই দ্বন্দ্ব মিটে গেছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।তিনি জানিয়েছেন, খুবই সন্তোষজনক সমাধান হয়েছে সমস্যাটির। খেলোয়াড়েরা আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তিতে সই করতে যাচ্ছেন।দ্বন্দ্ব মিটে যাওয়ার পর খেলোয়াড়েরা খুব শিগগির শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) চুক্তিতে সই করবেন বলে জানিয়েছেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বটা মূলত বেতন-ভাতা বাড়ানো নিয়ে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের নিট আয়ের ২৫ ভাগ কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করতে চাইলেও খেলোয়াড়দের দাবি ছিল সামগ্রিক আয়ের ২৫ শতাংশ। খেলোয়াড়দের চাহিদা বোর্ডের কাছে মাত্রাতিরিক্ত মনে হওয়ায় বিষয়টির আর মীমাংসা হচ্ছিল না। তবে এখন ক্রিকেটাররা নিট আয়ের ২৫ শতাংশ নেওয়াটা বাস্তবসম্মত মনে করায় দ্বন্দ্ব মিটে গেছে।ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে সমস্যাটি মিটে যাওয়ায় সন্তুষ্ট উভয়পক্ষই। আগামী শনিবার হাম্বানটোটায় শুরু হচ্ছে এই সিরিজ।এদিকে, বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব মিটে যাওয়ায় খুশি শ্রীলঙ্কান ক্রিকেটারদের সংগঠনও। ওই সংগঠনের একজন মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার হাম্বানটোটার উদ্দেশে যাত্রার আগেই জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে সই করবেন। তিনি বলেন, গত চার বছর খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়নি। নতুন যে চুক্তি হতে যাচ্ছে, তাতে আগামী বছর থেকে বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। পিটিআই।