বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব: পদত্যাগ করলেন দিলিপ মেন্ডিস
শ্রীলঙ্কান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি পদত্যাগ করেন। মেন্ডিস গত বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন পদে কাজ করেছেন। বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই মেন্ডিস পদত্যাগ করেছেন বলে জানা গেছে।শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নের্তৃত্বে আসা অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের সঙ্গে প্রথম থেকেই বোর্ডের বিভিন্ন দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটারদের নীতিগত ও অন্যান্য বিষয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ক্রিকেট বোর্ডের উচ্চ পারিশ্রমিকের কয়েকটি পদ থেকে বোর্ড সদস্য ও সাবেক ক্রিকেটারদের দ্বন্দ্বে বিদায় নিয়েছেন সাবেক ক্রিকেটাররা।জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন সদস্য প্রধান নির্বাহীর পদ থেকে দিলিপ মেন্ডিসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা এঁটেছিলেন। ক্ষমতাধর বোর্ড সদস্যদের সঙ্গে কূটচালে পেরে না উঠে নিজেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।—দ্য আইল্যান্ড