বোর্দোর কোচ হচ্ছেন জিদান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কোচিং দুনিয়ায় হাত মকশো করছেন জিনেদিন জিদান। মূল কোচ হিসেবে তিনি যে এত তাড়াতাড়িই আবির্ভূত হয়ে যাবেন, সেটা আর কে ভেবেছিল। ফরাসি গণমাধ্যমের খবর সত্যি হলে ফ্রান্সের এই ফুটবল কিংবদন্তি কোচ হতে চলেছেন শীর্ষ ফরাসি লিগের দল বোর্দোর।
৪১ বছর বয়সী জিদান কানের হয়ে শুরু করেছিলেন তাঁর ফুটবল ক্যারিয়ার। ১৯৯২-তে যোগ দিয়ে বোর্দোতেও কাটিয়েছেন ক্যারিয়ারের চারটি বছর। তবে সত্যিকারের তারকা তিনি হয়ে ওঠেন জুভেন্টাসে গিয়েই। ২০০১ থেকে ক্যারিয়ারের শেষ অবধি কাটিয়েছেন রিয়ালের জার্সি গায়ে সান্তিয়াগো বার্নাব্যুতে।
কেবল নামের জোরেই বোর্দোর কোচের পদটি অলংকৃত করছেন না জিদান। গত জানুয়ারিতে রীতিমতো পড়াশোনা করেই ক্রীড়া ব্যবস্থাপনায় ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন।
বোর্দো ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে ক্লাব সভাপতি জিয়ান-লুইস ত্রিয়াউ ব্যাপারটি উড়িয়েও দেননি। একটু রহস্যঘেরাই তাঁর বক্তব্য, ‘অপেক্ষা করুন। জানতে পারবেন।’ ফরাসি পত্রিকা সুদ আউস্তের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দলটির বর্তমান কোচ ফ্রান্সিস গিলটের চুক্তির মেয়াদ শেষ হবে। তাঁর উত্তরসূরি হিসেবে তৈরি করা তালিকায় জিদানের নামটা এক নম্বরেই রয়েছে।
ফুটবল ইতিহাসে কিংবদন্তিদের তালিকায় অনেকের মতেই পেলে-ম্যারাডোনার পরের স্থানটিই পাবেন জিদান। ১৯৯৮ সালে তাঁর দুই গোলেই ফাইনালে ব্রাজিলকে ৩-০-তে উড়িয়ে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০০৬ সালের বিশ্বকাপে তাঁর একক নৈপুণ্যেই ফাইনালে উঠে গিয়েছিল ফ্রান্স। ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুঁশ মেরে লাল কার্ড না দেখলে হয়তো নামের পাশে আরেকটি বিশ্বকাপ শিরোপা থাকত। সেই ফাইনালেও যে গোল করেছিলেন জিদান! যদিও ইতালির শিরোপা জেতা সেই ম্যাচটাই তাঁর ক্যারিয়ারে শেষ ম্যাচ হয়ে যায় শেষ পর্যন্ত। এএফপি।