বোলার ও পিটারসেনের প্রশংসায় স্ট্রাউস
বোলিং সাফল্যে দারুণ খুশি ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বোলারদের চমত্কার পারফরম্যান্সই তো বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দর্প চূর্ণ করে তাদের মাটিতে নামিয়ে এসেছে ইংল্যান্ড। আর লর্ডসে প্রথম টেস্টেই ১৯৬ রানে জিতে চার ম্যাচের সিরিজে মানসিক দিক দিয়ে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছে।অ্যান্ড্রু স্ট্রাউস দলের এই বোলিং পারফরম্যান্সকে ‘পারফেক্ট’ হিসেবে অভিহিত করে বলেন, ‘যেমনটা গত ২/৩ বছর ধরে হয়ে আসছে, এই টেস্টেও ইংলিশ বোলাররা ঠিক তেমন বলই করেছে—যা জয়ের জন্য প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘লর্ডসে ইংল্যান্ডের সব বোলারদের বোলিং ছিল দারুণ। আমাদের বোলাররা প্রমাণ করেছে, যদি ধারাবাহিকভাবে নির্দিষ্ট লাইন ও লেংথে বল করে যাওয়া যায়, তাহলে সাফল্য ধরা দেবেই।’কেভিন পিটারসেনের প্রশংসায় সংবাদ সম্মেলনের কিছু সময় আলাদাভাবেই বরাদ্দ রেখেছিলেন ইংলিশ অধিনায়ক। তাঁর মতে, পিটারসেনের চমত্কার দ্বি-শতকই ইংল্যান্ডকে প্রথম ইনিংসে এগিয়ে দিয়েছে। ‘প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ছিল এককথায় অপূর্ব। কেভিনের জন্যই এমনটা হয়েছে। ওর ব্যাটিং ছিল অনবদ্য। সত্যিই এটা আমার দেখা অন্যতম সেরা টেস্ট ইনিংস। কেভিন পিটারসেনের পেস বোলিং সামলানোর ব্যাপারটি আলাদাভাবেই চোখে পড়েছে স্ট্রাউসের। তিনি বলেন, ‘পেসারদের কীভাবে সামলাতে হয়, পিটারসেন দেখিয়ে দিয়েছে, চাপের মুখে সে রক্ষণাত্মক খেলেছে, সুযোগ-সুবিধামতো আক্রমণে গেছে। পিটারসেনকে ঘিরেই ইংল্যান্ডের ব্যাটিং সেদিন আবর্তিত হয়েছে।’দল থেকে বাদ পড়তে গিয়েও পড়েননি স্টুয়ার্ট ব্রড। তিনিও নিজের পারফরম্যান্স দিয়েই দলের বিজয়ের অন্যতম অনুসঙ্গ হয়েছেন। ব্রডের প্রশংসা করে স্ট্রাউস বলেন, ‘ওর পারফরম্যান্স ভালো হচ্ছিল না। দল থেকে বাদ পড়ারও সম্ভাবনা দেখা দিয়েছিল। সে এই টেস্টে নিজের পারফরম্যান্সের মাধ্যমে সবার বিশ্বাস ফিরিয়েছে।ব্রডের বোলিংয়ের পাশাপাশি তাঁর ৭০ রানের ইনিংসটিকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেন স্ট্রাউস। তিনি বলেন, ‘লর্ডসে ব্রড প্রমাণ করেছে, সে সত্যিই একজন দারুণ প্রতিভাবান খেলোয়াড়।’শেষ সেশনে ক্রিস ট্রেমলেট ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আউট করলে ম্যাচ অনেকটাই ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ে। স্ট্রাউস নিজেও ধোনির উইকেটটিকেই জয়ের পথের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। প্রতিপক্ষ ভারত সম্পর্কে শ্রদ্ধা অটুট রেখেই স্ট্রাউস বলেছেন, ‘জহির খানের অভাব তারা ভালোভাবেই টের পেয়েছে। জহিরের অনুপস্থিতি অন্য বোলারদের ওপর চাপ তৈরি করেছে। ইশান্ত শর্মা ৬৫ ওভার বল করেছে। ব্যাপারটি ইশান্তের জন্য ভালো হয়নি। সে পরের টেস্টেও ক্লান্ত থাকবে। শচীন টেন্ডুলকার সম্পর্কে স্ট্রাউস বলেন, ‘শচীন ম্যাচটিকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অ্যান্ডারসনকে ধন্যবাদ যে সে সময়মতো তাঁকে ফিরিয়ে দিয়েছে।’ ওয়েবসাইট।