বোলার জিয়ার প্রত্যাবর্তন
পরশু জিয়াউর রহমানের ৫ উইকেটের উদ্যাপন দেখতে দেখতে স্মৃতিতে এসে পড়ছিল ২৭ ডিসেম্বরের বিকেল। মিরপুর স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে কথা হচ্ছিল জিয়ার সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ম্যাচের প্রথম দিনে ১৫ ছক্কায় ১১৮ বলে ১৫২ করে এসেছেন খানিক আগে। বিধ্বংসী ওই ব্যাটিংয়ের পাশাপাশি কথা হচ্ছিল বোলিং নিয়েও। একসময় তিনি ছিলেন মূলত বোলার, সঙ্গে টুকটাক ব্যাটিং। বারবার বোলিং প্রসঙ্গ ওঠায় খানিকটা আপত্তিই করলেন, ‘বোলিংয়ের কথা বাদ দিন, আমি এখন মূলত ব্যাটসম্যান। বোলিং-টোলিংয়ে কিছু করতে পারলে সেটা বোনাস।’তখনো ওয়ানডে অভিষেক হয়নি। টেস্ট খেলার স্বপ্ন কোনো দিন পূরণ হবে কি না, সন্দিহান নিজেই। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে ৯টি টি-টোয়েন্টি খেলা। সেটাও পেরেছেন ‘পাওয়ার শট’ খেলতে পারার সামর্থ্যের কারণে। আয়ারল্যান্ড-নেদারল্যান্ডের কন্ডিশনেও প্রথম ৮ ম্যাচে বোলিং করেছিলেন মাত্র ২ ওভার। ক্যারিয়ার নিয়ে যত ভাবনা, সব ছিল ব্যাটিংকে ঘিরেই। দেড় শ রানের ইনিংসটা তাই ‘বড়’ স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছিল জিয়াকে।ক্রিকেট-বিধাতা নিশ্চয়ই তখন মুচকি হাসছিলেন। তিনি তো জানতেন, মাস চারেকের মধ্যে বদলে যাবে জিয়ার জগৎ। ওয়ানডে অভিষেক হবে, আজন্ম আরাধ্য টেস্ট অভিষেকও হবে! আর যে বোলিংকে বলেছিলেন ‘বোনাস’, সেটাই হয়ে উঠবে জিয়ার সম্পদ! মাস চারেক আগে বোলিং-ভাবনা বাদ দিতে বলেছিলেন যিনি, তিনিই কিনা টেস্ট অভিষেকে পেলেন ৪ উইকেট, ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতেই ৫ উইকেট! বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে তো বটেই, জিয়া সম্ভবত সবচেয়ে বেশি চমকে দিয়েছেন নিজেকেই।‘বোলিংয়ের কথা বাদ’ দিতে বলেছিলেন প্রচণ্ড আক্ষেপ আর বুকে চেপে রাখা যন্ত্রণা থেকে। ২০০৫ সালে নিখাদ বোলার হিসেবেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক খুলনার হয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম মৌসুমে ৬ ম্যাচে করেছিলেন ১০ রান, উইকেট পেয়েছিলেন ১৮টি। পরের তিন মৌসুমেও বল হাতে মোটামুটি ধারাবাহিক, পেলেন ৩০, ১৭ ও ২২ উইকেট। তত দিনে ব্যাট হাতে টুকটাক রান করছেন। চতুর্থ মৌসুম আর ২৪তম ম্যাচে এসে পেলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ফিফটি। প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম মৌসুমটা (২০০৮-০৯) কাটল দুর্দান্ত, বল হাতে ৩৮ উইকেট, সঙ্গে একটি ফিফটি।কিন্তু আরেক ধাপ এগিয়ে যাওয়ার মুহূর্তেই ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিল হাঁটুর চোট। চোটটা ক্রিকেট ক্যারিয়ারকেই ফেলে দিল সংশয়ে। ক্রিকেটের প্রতি ভালোবাসায় আর জীবিকার তাগিদে বাধ্য হয়েই আপস করতে হলো নিজের সঙ্গে। মন দিলেন ব্যাটিংয়ে। রানআপ ছোট করে, গতি কমিয়ে হয়ে গেলেন স্রেফ কাজ চালানো বোলার। এভাবেই চলছিল। ঘরোয়া ক্রিকেটে দু-একটি বিধ্বংসী ইনিংস খেলে মাঝেমধ্যে খবর হয়েছেন। বাংলাদেশে টি-টোয়েন্টি ঘরানার একমাত্র ব্যাটসম্যান হিসেবে একটা পরিচিতি গড়ে তুলেছেন। গত বছর টি-টোয়েন্টি অভিষেক সেই পরিচয়ের জোরেই। এবার টেস্ট অভিষেকটা হয়ে গেল আসলে পারিপার্শ্বিক বাস্তবতায়। প্রথম টেস্টে চোট পেলেন রুবেল হোসেন। দেশ থেকে পাঠানোর মতো ফিট ও যোগ্য পেসারই পাচ্ছিলেন না নির্বাচকেরা। বাধ্য হয়েই জিয়াকে পাঠাতে হলো। সেই জিয়া টেস্ট অভিষেকে গুরুত্বপূর্ণ ৪ উইকেট নিয়ে দলের সমতা ফেরানো জয়ের অন্যতম কারিগর। সেই বিস্ময়ের ঘোর কাটতে না-কাটতেই ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা। ঘরোয়া ক্রিকেটে চোটের থাবায় হারিয়ে যাওয়া ‘বোলার’ জিয়ার প্রত্যাবর্তন আন্তর্জাতিক আঙিনায়!মুদ্রার উল্টো পিঠও আছে। ব্যাটসম্যান জিয়াকে এখনো পাওয়া যায়নি নিজের পরিচিত চেহারায়। টি-টোয়েন্টি অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ৫ ছক্কায় ৪০ করেছিলেন। ব্যাটিং-সাফল্য বলতে স্রেফ ওইটুকুই। টি-টোয়েন্টিতে পরের ৬ ইনিংস মিলিয়ে করেছেন ৬০ রান। টেস্ট অভিষেকে ০ ও ১৪। ওয়ানডেতে প্রথম দুই ইনিংসে শূন্যের পর তৃতীয় ইনিংসে ১২। সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, প্রয়োজন হয়তো আত্মবিশ্বাস। আশা করা যায়, বোলিংয়ের অভাবনীয় সাফল্যের আত্মবিশ্বাস সঞ্চারিত হবে ব্যাটসম্যান জিয়ার মাঝেও। তাঁর নিজের জন্য তো বটেই, বাংলাদেশ দলের জন্যও সেটা খুব দরকার। কে না জানে, একজন পেস বোলিং অলরাউন্ডার যেকোনো সংস্করণে দলের বড় এক সম্পদ! ফরহাদ রেজাকে ঘিরে অনেক দিন স্বপ্ন দেখেছে বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা মেটাতে না পেরে ছিটকে গেছেন ফরহাদ। জিয়াও ব্যর্থ হলে নতুন কারও জন্য আবার হয়তো সেই সুদীর্ঘ প্রতীক্ষা!তবে যত ভাঙা-গড়া, চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন, জিয়ার ওপর বোধ হয় বাজি ধরাই যায়। যদি নিয়মিত ফিট রাখতে পারেন নিজেকে!