বোলার দরদি রানাতুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটটা কি আরও বেশি করে ব্যাটসম্যানদের অধিকারে চলে যাচ্ছে? বহুবার উচ্চারিত প্রশ্নটাকে আবারও সামনে নিয়ে এলেন অর্জুনা রানাতুঙ্গা। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক সে রকমই আশঙ্কা করছেন, বিশেষ করে ওয়ানডেতে নতুন নিয়মের পর।
আইসিসির নতুন নিয়মে ‘পাওয়ার প্লে’র বাইরের ওভারগুলোতেও ৩০ গজ বৃত্তের বাইরে ৪ জনের বেশি ফিল্ডার থাকতে পারবে না। রানাতুঙ্গা নিজে ছিলেন ব্যাটসম্যান। তবে এই নিয়ম চালু হওয়ার পর বোলাররাই তাঁর সহানুভূতি পাচ্ছে, ‘অনেকেই বলছে নতুন নিয়ম হওয়ায় খেলাটার জন্য ভালোই হয়েছে। কিন্তু আমার সে রকম মনে হয় না। যাদের বয়স এখন ৮ থেকে ১০ বছর, তারা তো এখন বল না নিয়ে হাতে ব্যাটই নিতে চাইবে।’
ক্রিকেটে ভালো বোলারের সংখ্যা যে কমে যাওয়াটাও চোখে পড়ছে রানাতুঙ্গার, ‘অনেকেই বলে ক্রিকেট আসলে ব্যাটসম্যানদের খেলা। কিন্তু আমি মনে করি ফিফটি-ফিফটি যদি নাও হয়, এটা অন্তত সিক্সটি-ফোরটি (ব্যাটসম্যানদের পক্ষে) হওয়া উচিত। না হলে বোলাররা এভাবে খুন হতেই থাকবে। এখন তো এটাকে নাইনটি-টেন বলেই মনে হচ্ছে। মাঝেমধ্যে তো মনে হয় এটা ৯৫: ৫। কিছু গ্রেট বোলারও এই টি-টোয়েন্টির যুগে এখন পিটুনি খাচ্ছে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকিদের অবস্থা আরও খারাপ।’
আইসিসি অবশ্য নতুন নিয়মে বোলিং পাওয়ার প্লে বাতিল করেছে। দুই প্রান্ত থেকে দুটি নতুন বল দিয়ে খেলা হচ্ছে। রানাতুঙ্গা এ নিয়ে আরও অখুশি। নিয়মটা পছন্দ হয়নি সনাৎ জয়াসুরিয়ারও। তবে সাবেক শ্রীলঙ্কান পেসার চামিন্ডা ভাসের আশা, বোলাররা নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেবেন, ‘ফাস্ট বোলারদের জন্য দুটি নতুন বল ভালোই হয়েছে। তারা এটা কাজে লাগিয়ে আরও উইকেট নিতে পারবে।’ ওয়েবসাইট।