বোলারদের দিনে অস্ট্রেলিয়াই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অভিষেকেই ফ্যাফ ডু প্লেসিসের ৭৮ রান। হ্যামস্ট্রিংয়ের ব্যথা নিয়েও নয়ে নেমে জ্যাক ক্যালিসের লড়াকু ফিফটি। দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ররি ক্লেইনভেল্টের অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ধ্বস্ত করা। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের বেশিটা জুড়েই ছিল দক্ষিণ আফ্রিকানরা। কিন্তু ১১১ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নেওয়া প্রোটিয়ারা দিন শেষে স্বস্তিতে নেই। অস্বস্তির কারণ স্বাগতিকেরা এরই মধ্যে এগিয়ে গেছে ২৭৩ রানে। অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে গত ১১০ বছরে এত বেশি রান তাড়া করে জেতেনি কেউ। অস্বস্তির আরেকটি কারণ, এখনো উইকেটে আছেন মাইকেল ক্লার্ক। আগের দুই ইনিংসেই ডাবল সেঞ্চুরি করা অস্ট্রেলীয় অধিনায়ক অপরাজিত ৯ রানে, ৫ রান নিয়ে ব্যাট করছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাইক হাসিও। ওয়েবসাইট। উদ্বোধনী জুটিতে ৭৭ রান তুলে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা এনে দেন কাওয়ান ও ওয়ার্নার। ১৭তম ওভারের প্রথম বলে কাওয়ানকে বোল্ড করার এক বল পরেই ক্লেইনভেল্ট কুইনিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। ক্লেইনভেল্টের ধ্বংসযজ্ঞে মরকেল ও স্টেইনও যোগ দিলে ১৩ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার স্কোরটা ৭৭/০ থেকে হয়ে যায় ১০৩/৫। দিনের প্রথম ভাগে দক্ষিণ আফ্রিকার ইনিংসেও একই চিত্র। ২ উইকেটে ২১৭ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা মুহূর্তেই ৭ উইকেটে ২৫০ হয়ে যায়। অধিনায়ক স্মিথ আউট ১২২ রানে। এরপর ডু প্লেসিস-ক্যালিসের ৯৩ রানের জুটি। মূলত এতেই ফলোঅন এড়িয়ে ৩৮৮ রান পর্যন্ত যেতে পারে প্রোটিয়ারা। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫৫০ ও ৩২ ওভারে ১১১/৫ (কাওয়ান ২৯, ওয়ার্নার ৪১, কুইনি ০, পন্টিং ১৬, ক্লার্ক ব্যাটিং ৯, সিডল ১, হাসি ব্যাটিং ৫; স্টেইন ১/২৮, মরকেল ১/২৪, তাহির ০/৩৮, ক্লেইনভেল্ট ৩/১৪)। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৪.৩ ওভারে ৩৮৮ (স্মিথ ১২২, পিটারসেন ৫৪, আমলা ১১, রুডলফ ২৯, ডি ভিলিয়ার্স ১, ডু প্লেসিস ৭৮, স্টেইন ১, ক্লেইনভেল্ট ০, ক্যালিস ৫৮, মরকেল ৬, তাহির ১০*; হিলফেনহস ৩/৪৯, প্যাটিনসন ০/৪১, লায়ন ২/৯১, সিডল ২/১৩০, ক্লার্ক ১/২২, হাসি ০/৭, ওয়ার্নার ১/২৭, কুইনি ০/১২)।