বোলারদের দিনে আসিফের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক আগের ইনিংসে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি। ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন মোহাম্মদ আশরাফুল। কাল রংপুরের বিপক্ষে ১৯৮ বলে করেছেন ৭১ রান। তবে ফতুল্লায় ঢাকা মহানগরের অধিনায়ক আশরাফুলকে ছাড়িয়ে গেছেন তাঁরই ১৮ বছরের তরুণ সতীর্থ। ১৫৬ বলে আসিফ আহমেদের রান ১৫২। নাজিমউদ্দিনকে (৫২৬) টপকে লিগের সবচেয়ে বেশি রান এখন উদীয়মান আসিফের (৫৬৯)।৯৪ বলে শত রান ছুঁয়েছেন আসিফ। ২২ চার, ১ ছয়। রংপুরের অফস্পিনার মাহমুদুল হাসানের এক ওভারে ১ ছয় ও ২ চারে ১৬ রান। অধিনায়কের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২২৫ রান করে গড়েছেন এই মৌসুমে জাতীয় লিগের সর্বোচ্চ রানের জুটি।এই জুটির কল্যাণে ২ রানে প্রথম উইকেট হারানো মহানগর দিন শেষ করেছে ৪ উইকেটে ২৭৮ রান তুলে। এর আগে ৫০ রানে শেষ ৫ উইকেটে হারিয়ে রংপুরের প্রথম ইনিংস শেষ ৩৫৪ রানে।চট্টগ্রামে ৬ উইকেটে ২৫০ নিয়ে দিন শুরু করেছিল বরিশাল, কিছুক্ষণ পরই ২৬৪ রানে অলআউট। সিলেটের দুই পেসার তাপস বৈশ্য (৫) ও আবু জায়েদই (৫) ভাগ করে নিয়েছেন বরিশালের ১০ উইকেট। এরপর ৬১ রানে ৪ উইকেট হারানো সিলেটকে ম্যাচে ফেরায় রাজিন সালেহ ও গোলাম রহমানের ১২৮ রানের পঞ্চম উইকেট জুটি।পরপর দুই বলে দুই ভাই গোলাম রহমান (বোল্ড) ও গোলাম মাবুদকে ফেরান ইফতেখার নাইম। এই ইফতেখার নাইম শাহরিয়ার নাফীসের ছোট ভাই। আগের দিন ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন, কাল পরপর দুই বলে দুই উইকেট—ভালোই উপভোগ করছেন ইফতেখার।চট্টগ্রাম-খুলনা ও ঢাকা-রাজশাহীর ম্যাচ ফলাফলের দিকে এগোচ্ছে। দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম এগিয়ে ৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের হাতে ৪ উইকেট। খুলনা প্রথম ইনিংস ঘোষণা করে ২৩৩ রানে ৯ উইকেট হারানোর পর। অধিনায়ক তুষার ইমরানের সঙ্গে চতুর্থ উইকেটে মোসাদ্দেক ইফতেখার করেছিলেন ১৬৪ রান। বরিশালে রাজশাহীর বিপক্ষে হাতে ৩ উইকেট নিয়ে ঢাকা এগিয়ে মাত্র ২৯ রানে।