বোলারদের দিনে জহুরুলের সেঞ্চুরি
দুটি ভেন্যুতে বোলার আর একটি ভেন্যুতে ব্যাটসম্যানদের দাপট দেখল ১১তম জাতীয় লিগের উদ্বোধনী দিন। ফতুল্লায় সারা দিনে উইকেট পড়েছে মাত্র চারটি, প্রথম দিনেই এবারের লিগের প্রথম সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর জহুরুল ইসলাম। আর খুলনায় উইকেটে পড়েছে ১৩টি। এতে যদি অবাক হন তাহলে শুনুন, রাজশাহী এক দিনেই দেখেছে ১৮ উইকেটের পতন।আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহীতে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে খুলনা। ঢাকার তিন পেসার প্রথম ১৬ ওভারেই তুলে নেন তাদের চার উইকেট। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি, তবে দিনের দ্বিতীয় সেশনেই পড়েছে আরও ৮টি। খুলনার সবচেয়ে বড় জুটিটি ৩৪ রানের, অলআউট হয়ে যায় তারা ১৩২ রানেই। জাতীয় দলের বাইরে থাকা দুই পেসার তালহা জুবায়ের ও শরীফের ৭ উইকেট ভাগাভাগির মাঝখানে ২ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার মোশারফ হোসেন। তবে এই রানেও লিড পাওয়ার দ্বারপ্রান্তে খুলনা। প্রথম ওভারেই উত্তম সরকারকে দিয়ে শুরু, একটু পরপরই উইকেট হারিয়ে একপর্যায়ে ঢাকার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৫৭। মোশারফ-শরীফ জুটি দিনের শেষ ৯টা ওভার কাটিয়ে দেওয়ায় এক দিনেই দুটো অলআউট দেখল না জাতীয় লিগ।জাতীয় লিগের শুরুতে অনেকবারই ঢাকার বাইরে উইকেটকে অপ্রস্তুত পাওয়া গেছে। এবার অবশ্য তেমন কিছু নয়, উইকেটকে বরং ‘খুব ভালো’ সার্টিফিকেট দিলেন খুলনার অধিনায়ক হাবিবুল বাশার। ভালো উইকেটে ১৮ উইকেট পতনের ব্যাখ্যাও দিলেন, ‘এমনিতেই শীতকাল, তার ওপর উইকেটে প্রচুর ঘাস। আমাদের ব্যাটসম্যানরা তো ঘাসের উইকেটে খেলে অভ্যস্ত নয়, তাই এই অবস্থা। তবে দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যই এ ধরনের উইকেটে খেলা হলে ভালো।’খুলনার অবস্থা অবশ্য এতটা ভয়াবহ নয়। টসে হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম অলআউট হওয়ার আগে তুলতে পেরেছে ঠিক ২০০। ঢাকা প্রিমিয়ার লিগের ফর্মটা জাতীয় লিগেও বয়ে আনলেন ফয়সাল হোসেন, ইনিংসের একমাত্র ফিফটিটি তাঁর (৭৩)। ৩টি করে উইকেট নিয়েছেন আরাফাত সালাউদ্দিন ও মনির হোসেন, দুটি রানআউটেও হাত আছে মনিরের। স্বস্তিতে নেই বরিশালও, ৭৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।ফতুল্লায় দ্বিতীয় ওভারেই ফরহাদ রেজাকে হারায় রাজশাহী। তবে খালেদ মাসুদের (৫৬) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩২ ও তৃতীয় উইকেটে ফরহাদ হোসেনের (৫৩) সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন ওপেনার জহুরুল। তাঁর ১৩৯ রানের ইনিংসে ছিল ১৮টি চারও একটি ছয়।