বোলারদের দিনে তাসামুলের সেঞ্চুরি
প্রথম দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মহানগরের রান ৫ উইকেটে ৩১৬। তবে কাল শুরু হওয়া জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের বাকি তিন ম্যাচ দেখেছে বোলারদের জয়জয়কার। ওই তিন ম্যাচে উইকেট পড়েছে ৪৮টি। বোলারদের এই দাপটের মধ্যে আলাদাভাবে বলতে হয় ঢাকা বিভাগের মোহাম্মদ শরীফের নাম। জাতীয় দলের সাবেক এই পেসার বরিশালের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক।চার মৌসুম পর বরিশালে ফিরেছে জাতীয় লিগ। তবে ঘরের মাঠে ফেরার উপলক্ষটাকে বরিশালের জন্য তিক্ত বানিয়ে ছেড়েছেন ঢাকা বিভাগের অধিনায়ক শরীফ। দিনের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক! ৩ উইকেট হারানো বরিশালের সংগ্রহ তখন মাত্র ৫ রান। মেহেদি হাসান, আবিদ হোসেন ও জাভেদ ওমরকে আউট করে জাতীয় লিগের ইতিহাসে পঞ্চম ও নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন শরীফ। বরিশাল শেষ পর্যন্ত ১৮৩ রান করেছে নয় নম্বরে ব্যাট করা মনির হোসেনের ৪০ রানের সুবাদে। অবশ্য প্রথম ইনিংসে ৩৮ রানেই ঢাকার ৫ উইকেট ফেলে বরিশালকে বেশ ভালোভাবেই ম্যাচে ফিরিয়েছেন বোলাররা।যশোরে খুলনা-রংপুর এবং বগুড়ায় সিলেট-রাজশাহী ম্যাচেরও একই অবস্থা। খুলনাকে ১৩৯ রানে গুটিয়ে দিয়ে রংপুর দিন শেষ করেছে ৬ উইকেটে ৮২ রানে। বগুড়ায় ১০০ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলা সিলেট ইনিংস ঘোষণা ওই অবস্থাতেই। ৪৯ রানের লিড নিয়ে দিন শেষ করলেও রাজশাহীর উইকেট পড়েছে ৮টি।সিলেটে পঞ্চম উইকেট তাসামুল হক (১২০*) ও মেহরাব জুনিয়রের (৮৭) ১২৬ রানের জুটিই বড় সংগ্রহ এনে দেয় ঢাকা মহানগরকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটিকে আজ আর কত দূরে নিয়ে যেতে পারেন তাসামুল, সেটাই দেখার।