বোলারদের দিনে দুই সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুষার: ১২৯ ও শুভাগত: ১০৮
তুষার: ১২৯ ও শুভাগত: ১০৮

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে রাজত্ব ছিল ব্যাটসম্যানদেরই। চার ভেন্যুতে উইকেট পড়েছিল মাত্র ২৩টি। কাল এক রংপুর ক্রিকেট গার্ডেনেই উইকেট পড়ল ১৮টি, রাজশাহীতে ১২টি, বগুড়ায় ১০টি। তাতেও অবশ্য দিনটি পুরোপুরি বোলারদের নয়, বিকেএসপিতে যে পড়েছে মাত্র ৭টি উইকেট। বোলাররা ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বিপদে পড়েছে চট্টগ্রাম। ঢাকা বিভাগের বিপক্ষে ইনিংস হার এড়াতেই আরও ২২৫ রান করতে হবে দলটিকে। ফলোঅনে পড়া নাফিস ইকবালের দল দ্বিতীয় ইনিংসে ৩০ রান তুলতেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।

রংপুরে কাল চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১২৪ রানেই। ২২ রানের মধ্যেই পড়েছে শেষ ৫ উইকেট। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল অপু করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং (৪/২২)। ইনিংসের শেষ দুটি উইকেট পরপর দুই বলে তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের এই ক্রিকেটার। ফলোঅনে পড়া চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে সুযোগটা হারিয়েছেন অপু, তবে ৯ বল করেই পেয়ে গেছেন আরেকটি উইকেট। এর আগে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করা ঢাকা করেছে ৩৭৯। প্রথম শ্রেণীর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন শুভাগত হোম (১০৮)।

সেঞ্চুরি পেয়েছেন খুলনার তুষার ইমরানও। তাঁর ১২৯ রানে বর্তমান চ্যাম্পিয়নরা পেরিয়েছে চার শ (৪০৮)। এরপর ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা রংপুর ৫ উইকেটে করেছে ১৬৭। চতুর্থ উইকেটে ১০৪ রান করেছেন আহমেদুল কবির (৫৯) ও সায়মন আহমেদ (৭২*) জুটি। বিকেএসপিতে দুই অভিজ্ঞ সৈনিক অলক কাপালি (৭২*) ও রাজিন সালেহর (৪৪*) ব্যাটিংয়ে ঢাকা মহানগরের ৩১৫ রানের পাল্টা জবাব দিচ্ছে সিলেট। ৬১ রানেই ৩ উইকেট হারানোর পর জাতীয় দলের বাইরে থাকা এই দুই ব্যাটসম্যান অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে যোগ করেছেন ১০২ রান।

রাজশাহীতে বরিশালের বিপক্ষে ১২০ রানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। ৩৩০ রানে প্রথম ইনিংস শেষ করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে করেছে ২১। এর আগে ১৩৬ রানেই ৮ উইকেট হারানো বরিশাল ২৩১ রান করেছে নবম উইকেটে কামরুল ইসলাম ও মনির হোসেনের ৭৪ রানের জুটিতে। নয়ে ব্যাট করা কামরুল পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা-রংপুর, বগুড়া

খুলনা ১ম ইনিংস: ১১৮.৩ ওভারে ৪০৮ (তুষার ১২৯, নিজামউদ্দিন ৫৮, নাজমুস ৫৭, জিয়াউর ৫৪, সৌম্য ৪৫; আরিফুল ৪/৯৪, সাজেদুল ২/৫৭, সোহরাওয়ার্দী ২/৭১, নাঈম ১/৩১, শুভাশিস ১/৮০)। রংপুর ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৬৭/৫ (সায়মন ৭২*, আহমেদুল ৫৯; ডলার ২/২৩, সৌম্য ১/৫, নাহিদুল ১/২৩, জিয়াউর ১/২৯)।

ঢাকা বিভাগ-চট্টগ্রাম, রংপুর

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১০৫ ওভারে ৩৭৯ (শুভাগত ১০৮, মজিদ ৬১, রনি ৪২, রকিবুল ৪১, নুরুল ৪১, তাইবুর ৩৫; আফতাব ৪/৪৭, মেহেদী ৩/৮৩, আরিফুল ১/৬২, আকবর ১/৮৪)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৭.২ ওভারে ১২৪ (ফয়সাল ৩৩, নাফিস ৩১, আফতাব ৩১*; অপু ৪/২২, শাহাদাত ২/২০, নূর ২/৩৬, শরীফ ২/৩৮) ও ২য় ইনিংস: ৯.৩ ওভারে ৩০/২ (নাফিস ১৫*; অপু ১/০, শরীফ ১/১৫)।

ঢাকা মহানগর-সিলেট, বিকেএসপি

ঢাকা মহানগর ১ম ইনিংস: ১১০.১ ওভারে ৩১৫ (মেহরাব জু. ৫৪, বক্কর ৪৮, শরীফউল্লাহ ৪৮, তাসামুল ৪২, আসিফ ৩৪, সগির ৩২; নাবিল ৪/১১১, জায়েদ ২/৪২, এনামুল জু. ২/৭৯, অলক ১/১৭)। সিলেট ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৬৩/৩ (অলক ৭২*, রাজিন ৪৪*; বক্কর ১/৩১, আজিম ১/৩৬)।

রাজশাহী-বরিশাল, রাজশাহী

রাজশাহী ১ম ইনিংস: ৯৭.২ ওভারে ৩৩০ (হামিদুল ৮৩, তাইজুল ৬৪, জুবায়ের ৪৮, জুনায়েদ ৪৩; কামরুল ৩/৬১, মনির ২/৫০, নুরুজ্জামান ২/৫৪, রাব্বী ১/৩২, কবির ১/৫৭) ও ২য় ইনিংস: ৭ ওভারে ২১/০ (মিজানুর ১৮*, সাকলাইন ৩*)। বরিশাল ১ম ইনিংস: ৬৭ ওভারে ২৩১ (কামরুল ৫০, মনির ৩৮, ফরিদউদ্দিন ৩০; মুক্তার ৪/৪৫, দেলোয়ার ৩/৪৩, ফরহাদ হোসেন ১/৫, সাকলাইন ১/৩০, শফিউল ১/৫৫)।