বোলারদের দিনে ফয়সালের সেঞ্চুরি
জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনটি ছিল বোলারদের দখলে। একদিনেই তিন ভেন্যু দেখেছে ৩৫ উইকেটের পতন। বোলারদের দিনে বগুড়ায় ১৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন চট্টগ্রামের বাঁহাতি ব্যাটসম্যান ফয়সাল হোসেন।বগুড়ায় ৩৪২ রান করলেও চট্টগ্রামকে হারাতে হয়েছে ৯ উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ৬০ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর পাল্টা আক্রমণ করে ঢাকার বোলারদেরই চাপে ফেলে দেন ফয়সাল। পঞ্চম উইকেটে রেজাউল করিমের সঙ্গে গড়েন ৪৫ রানের জুটি, যাতে রেজাউলের অবদান ছিল মাত্র ২! ষষ্ঠ উইকেটে আরমান হোসেনকে নিয়ে গড়েন ১৪৫ রানের জুটি। ৪৬ বলে ফিফটি করার পর প্রথম শ্রেণীর ক্রিকেটে অষ্টম সেঞ্চুরিটি পূর্ণ করেছেন ১০৫ বলে। ১৭৪ বলে ১৯ চার ও ৫ ছয়ে ১৫৪ রানের ইনিংস খেলে ফয়সাল যখন আউট হলেন, দলের রান তখন ২৫০! অবিচ্ছিন্ন শেষ উইকেট জুটিতে ৪৮ রান তুলেছেন কামরুল ও ইকবাল। মোহাম্মদ শরীফ পেয়েছেন ৫ উইকেট।চট্টগ্রামে খুলনা বাঁধা পড়েছে রাজশাহীর দুই বাঁহাতি স্পিনারের মায়াজালে। ফরহাদ রেজা প্রথম উইকেটটি নেওয়ার পর ৬ উইকেট নিয়েছেন সাকলাইন সজীব, সোহরাওয়ার্দী শুভ ৩টি। খুলনার ১৮৪ রানে একমাত্র ফিফটি অমিত মজুমদারের (৫৭)। ৭ রানে দু উইকেট হারিয়ে ফেলেছিল রাজশাহীও, কিন্তু কাল আর কোনো উইকেট হারায়নি তারা।খুলনায় প্রথম দিনেই ১০৫ রানের লিড নিয়েছে বরিশাল। সিলেটের ইনিংসে সর্বোচ্চ গোলাম রহমানের ১৪, দু অঙ্ক ছুঁয়েছেন আর মাত্র একজন। অলআউট তারা ৬৫ রানেই। দিনশেষে ৪ উইকেট হারিয়ে বরিশাল তুলেছে ১৭০।