সিংহলিজ স্পোর্টস ক্লাব থেকে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, দূরত্ব বড়জোর ১৩০ কিলোমিটার। অথচ পিঠাপিঠি টেস্ট দুটি দেখে মনে হচ্ছে মাঠ দুটি বুঝি ভিন্ন দুই মহাদেশে! এসএসসির নিষ্প্রাণ উইকেটে নাভিশ্বাস উঠে গিয়েছিল বোলারদের, ব্যাটসম্যানরা গড়েছেন রানের পাহাড়। পাল্লেকেলের উইকেটে প্রাণ, তাই প্রথম দিনেই ওষ্ঠাগত ব্যাটসম্যানদের প্রাণ!টেস্টের আগের দিন যেভাবে বলা হয়েছিল, ততটা সবুজ নয় উইকেট। আছে সবুজের একটু ছোঁয়া। তবে ম্যাচের আগে প্রবল বৃষ্টি, মেঘলা আকাশ আর ঢেকে রাখা উইকেটের আর্দ্রতা মিলিয়ে পেসারদের জন্য একেবারে আদর্শ পরিবেশ। পেসাররা সুইং-বাউন্স পেলেন সারা দিনই, ভুগলেন ব্যাটসম্যানরা। ম্যাচ জিতে সিরিজ ড্র করার আশায় থাকা পাকিস্তান গুটিয়ে গেল ২২৬ রানে। দিন শেষে তবু স্বস্তিতে নেই লঙ্কানরা। দলের সেরা দুই ব্যাটসম্যান সাঙ্গাকারা-জয়াবর্ধনেসহ ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা ৪৪ রান তুলতেই।দ্বিতীয় স্পিনার বাদ দিয়ে তিন পেসার নিয়ে নেমেছে দুই দলই। অলরাউন্ডার ম্যাথুসের কল্যাণে লঙ্কানদের পেসার আসলে চারজন। টস জিতে তাই চোখ বুজে ফিল্ডিং। তবে ইতিবাচক ব্যাটিংয়ে হাফিজ-তৌফিক শুরুটা করলেন ভালোই। ৩৫ রানের জুটি ভাঙলেন থিসারা পেরেরা, দারুণ এক ইনসুইঙ্গার খুঁজে পেল হাফিজের ব্যাট-প্যাডের ফাঁক। ওয়ানডের মতো টেস্ট দলেও জায়গা পাকা করার মিশন নিয়ে নামা পেরেরা পরে কাঁপিয়ে দিলেন পাকিস্তানকে। আগের টেস্টের সেঞ্চুরিয়ান আজহার গালিতে ক্যাচ দিলেন শূন্য রানেই। ভেতরে ঢোকা বলে এলবিডব্লু তৌফিক উমর। কুলাসেকারা শূন্যতে ফেরালেন ইউনুসকে। শুধু সুইং আর বাউন্স নয়, দুজনের স্ট্যামিনার কথাও বলতে হবে। প্রথম স্পেলে টানা ১০ ওভার করেছেন কুলাসেকারা, ৯ ওভার পেরেরা। ওই ১৯ ওভারেই অনেকটা ধ্বংসস্তূপ পাকিস্তান, রান তখন ৪ উইকেটে ৬৩! এরপর মিসবাহ-শফিকের ব্যাটে প্রতিরোধ। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েছেন দুজন। মিসবাহকে ফিরিয়ে এই জুটিও ভেঙেছেন পেরেরা। কঠিন উইকেট ও পরিস্থিতিতে আসাদ শফিক খেলেছেন দারুণ। খেলেছেন দারুণ কিছু ড্রাইভ ও কাট, হেরাথের বাড়তি বাউন্সে আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে।বিকেলে উইকেট সকালের চেয়ে কিছুটা সহজ হয়ে এল। তবু ঝড় তুললেন জুনাইদ খান। এসএসসির মরা উইকেটেও ৫ উইকেট পেয়েছিলেন, কাল তো আগুনই ঝরালেন। অসুস্থ ছেলের পাশে থাকার জন্য নেই দিলশান, তাঁর বদলে ওপেনিংয়ে নামা চান্ডিমাল আর সাঙ্গাকারাকে ফেরালেন এক ওভারেই। আগের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি মিস করা সাঙ্গাকারাকে শূন্য হাতে ফিরিয়েছেন অসাধারণ এক ইনসুইঙ্গারে। দিনের শেষ ওভারে অধিনায়ককে ফিরিয়ে লঙ্কানদের অস্বস্তি বাড়িয়েছেন সামি। ওয়েবসাইট।