বোলারদের দুষছেন কিউরেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানদের একাধিপত্য দিয়ে শেষ হয়েছে কলম্বো টেস্ট। ভারত-শ্রীলঙ্কা দুই দলের একই অভিযোগ, পিচের কারণেই এই টেস্টে শুধু ব্যাটসম্যানরা সুবিধা পেয়েছেন। তবে নিজেদের সাফাই গেয়ে কলম্বো পিচের কিউরেটরের অভিযোগ, বোলারদের দুর্বলতার কারণেই ব্যাটসম্যানরা সুবিধা পেয়েছেন।টেস্টের পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ১৭টি, রান উঠেছে এক হাজার ৪৭৮। দুই দলের পাঁচজন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্যদিকে রান দেওয়ার সেঞ্চুরি করেছেন আটজন বোলার! ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে অবশ্য বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা এগিয়ে। কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকার ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁদের সঙ্গে তাল মেলাতে গিয়েই যেন রান দেওয়ার ডাবল সেঞ্চুরিটা করেন শ্রীলঙ্কার সুরাজ রণদিভ, তা-ও আবার অভিষেক টেস্টেই। ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ের পর দুই দলের অভিযোগের তীর ছিল পিচের দিকে। তবে কলম্বো পিচের কিউরেটর অনুরুদ্ধ পলোনোভিতা গতকাল শনিবার বলেন, ‘এ পিচ নিয়ে আমি সন্তুষ্ট। ভারতীয় দলে ছয়-সাতজন বিশ্বমানের ব্যাটসম্যান রয়েছে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার চেয়েও তাদের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। শ্রীলঙ্কার ব্যাটিংও একই রকম। এর পরই তিনি প্রশ্ন তুলেন, শ্রীলঙ্কার বোলিংয়ের অবস্থাটা কী? মুরালিধরন, চামিন্দা ভাস নেই, এখন দলের বোলিং লাইনআপটা দেখুন। কেন আপনারা বোলিং দুর্বলতার কথা বলছেন না?’ভারতের বোলিং নিয়ে পলোভিতানা বলছেন, ‘তাদের বোলিং আরও খারাপ। মনে হয়েছে, বোলাররা যেন অনুশীলন ম্যাচ খেলছে। কেন আপনারা পিচ নিয়ে কথা বলছেন? দুই দলেরই বোলিং খারাপ, অন্যদিকে ব্যাটিং বিশ্বমানের।’ মুরালিধরনের প্রসঙ্গ টেনে এই কিউরেটর বলেন, ‘যেকোনো পিচে বল ঘুরাতে পারতেন মুরালি। একজন বোলারকে এ রকমই হতে হয়, যেকোনো পিচে লড়াই করার যোগ্যতা রাখতে হয়।’—ক্রিকইনফো