বোলারদের নিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি
বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে। সেই বিশ্বকাপের ফাইনালে যদি খেলে উপমহাদেশেরই দুটি দল, এর চেয়ে ভালো কি কিছু হতে পারে? সেটি যদি হয় আবার ভারত বনাম পাকিস্তান।বিশ্বকাপের আগে এই স্বপ্নটাই দেখেছিলেন শহীদ আফ্রিদি এবং স্বপ্নের সমাধিও হয়ে গেছে এর মধ্যে। কোয়ার্টার ফাইনালের যে লাইনআপই চূড়ান্ত করে দিয়েছে, বড়জোর ৩০ মার্চ মোহালির সেমিফাইনালে দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। নয়তো এই বিশ্বকাপে অনাস্বাদিতই থেকে যাবে ভারত-পাকিস্তান মহারণের রোমাঞ্চ।ফাইনালে দেখা হচ্ছে না, সেমিফাইনালে যদিও বা দেখা হয়, আপাতত সেটি মাথায়ই আনতে চাইছেন না শহীদ আফ্রিদি। ‘প্রথম কথা হলো আমি কালকের (আজ) ম্যাচেই মন দিতে চাই। সেমিফাইনালে কী হবে জানি না। পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে ভাবব যদি দুই দলই সেমিফাইনালে ওঠে’—বলেছেন পাকিস্তান অধিনায়ক।তা শেষ আটের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কি ভাবছেন আফ্রিদি? যে মাঠে আজ খেলা, গ্রুপ পর্বে সে মাঠেই তো বাংলাদেশকে মাত্র ৫৮ রানে অলআউট করে গেছে ওয়েস্ট ইন্ডিজ! কিন্তু আফ্রিদি পেছন ফিরে তাকালেন না। ৫৮ রানে অলআউট হওয়া দলটা ছিল বাংলাদেশ আর আজ খেলবে পাকিস্তান। প্রতিপক্ষ, খেলোয়াড়—সবই যখন ভিন্ন তখন আর অতীত ঘাঁটার দরকার কী! আর প্রতিপক্ষ হিসেবে ড্যারেন স্যামির দলকেও তিনি আলাদা কোনো দৃষ্টিতে দেখছেন না। বিশ্বকাপের সব প্রতিপক্ষই সমান আফ্রিদির কাছে, ‘বিশ্বকাপে সব দলই ভালোভাবে প্রস্তুত হয়ে আসে। আগেও বলেছি...আয়ারল্যান্ড, হল্যান্ডও এখানে অনেক প্রস্তুতি নিয়ে এসেছে। কাজেই কোনো দলকেই ছোট করে দেখার উপায় নেই। কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে তো নেই-ই।’বিশ্বকাপে নিজের ব্যাটিং নিয়ে হতাশা আছে আফ্রিদির। কোয়ার্টার ফাইনাল, যদি সম্ভব হয় সেমিফাইনাল-ফাইনালে সে হতাশা দূর করার প্রতিজ্ঞা তাঁর কণ্ঠে। তবে নিজের বোলিংয়ের মতো তাঁর দলের অন্য বোলারদের নিয়েও দারুণ খুশি পাকিস্তান অধিনায়ক, ‘সব কৃতিত্বই বোলারদের। উমর গুল, মোহাম্মদ হাফিজ, রাজ্জাক—সবাই খুব ভালো বল করছে।’ গুলের কথা বললেন আলাদা করে, ‘নতুন বলে খুবই ভালো বল করছে ও। সাধারণত ইনিংসের মাঝামাঝিতে বল করলেও এবার অনেক দিন পর সে নতুন বলে বল করছে।’ তবে আফ্রিদি আভাস দিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো আজও তাদের বোলিংয়ের শুরুতেই থাকতে পারে স্পিন আক্রমণ।গুলকে প্রশংসায় ভাসালেন, কিন্তু ২০১১ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট যে আফ্রিদিরই! সাফল্যটায় উপমহাদেশীয় কন্ডিশনের অবদানের কথা স্বীকার করলেন এই লেগ স্পিনার, ‘উইকেট টু উইকেট বল করার চেষ্টা করছি। আর কন্ডিশনটা স্পিনারদের জন্য খুবই ভালো। বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে আমি সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি এবং এটাই করে যাব।’ নিজের ভালো বোলিংয়ের পেছনে যেমন কোনো রহস্যের কথা বললেন না, বিশ্বকাপে পাকিস্তানের এখন পর্যন্ত পাওয়া সাফল্যটাকে অধিনায়ক দেখছেন পরিশ্রমের ফসল হিসেবে, ‘বিশ্বকাপের আগে আমরা কঠোর পরিশ্রম করেছি।্রঅনুশীলনে সবাই খুব সিরিয়াস থাকছে। তা ছাড়া ফিল্ডিংয়ে উন্নতি আনতেও কোচ আমাদের নিয়ে অনেক কাজ করেছেন।’প্রস্তুতি ম্যাচ খেলতে এসে সেমিফাইনালের লক্ষ্যের কথা বলে গিয়েছিলেন।্রঅস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া জয়ে আফ্রিদির সে আত্মবিশ্বাস আরও বেড়েছে নিশ্চিত। তার ওপর কোয়ার্টার ফাইনালটা যখন হচ্ছে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পাকিস্তানের আর চিন্তা কী! উপমহাদেশ মানেই তো তাদের কাছে হোম কন্ডিশন!মিরপুরের সেই ‘হোম কন্ডিশনে’ গ্যালারির সমর্থনটাও হয়তো আজ সঙ্গী হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশে এমনিতেই পাকিস্তান দলের অনেক সমর্থক আর আজ তো তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে সব দিক দিয়ে বাংলাদেশের ‘শত্রু’ হয়ে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজ! বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করে আর নিজেরা ইংল্যান্ডের কাছে হেরে গেইল-স্যামিরাই তো ধূলিস্যাৎ করে দিয়েছে লাল-সবুজের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন!