বোলারদের সাফল্য ব্যাটিংয়ে ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর হোসেন হ্যাটট্রিকসহ ৪ উইকেট। ২৮ রানে ৩ উইকেট পেলেন দেওয়ান সাব্বিরও। কিন্তু বোলারদের সাফল্যে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৮৩ রানে অলআউট করেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পরাজয় ৪৩ রানে।৩১ রানের মধ্যে শ্রীলঙ্কার প্রথম ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। ওপেনার পেরেরার সঙ্গে মিডল-অর্ডার ব্যাটসম্যান বীরাক্কোডির ৯০ রানের তৃতীয় উইকেট জুটি বিপর্যয় এড়ালেও নূর হোসেনের ঘূর্ণি বলে আবারও লন্ডভন্ড হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৬২ রানে।ইনিংসের ৪৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে লেগ স্পিনার নূর হোসেন পর পর ফিরিয়েছেন কৌশল, মাদুশাঙ্কা ও ডি মেলকে। ৬ উইকেটে ১৮৩ রান থেকে ৯ উইকেটে ১৮৩ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। নাঈম জুনিয়র পরের ওভারের দ্বিতীয় বলে পাথিরানাকে বোল্ড করে দিলে ওই ১৮৩-তেই থেমে যায় তারা।বোলারদের এমন সাফল্যের দিনেও বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানরা বুঝল, কাতার আর শ্রীলঙ্কা এক নয়। আগের দিন কাতারের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৩২৮ রানে, সৌম্য সরকার করেছিলেন ডাবল সেঞ্চুরি। কাল সৌম্য আউট হয়ে গেলেন ২৪ রান করে। ধুঁকতে ধুঁকতে এগোনো ইনিংসও শেষ ১৪০ রানে। ১৭ রানে ওপেনার আসলামকে হারানো দিয়ে শুরু। সেখান থেকে ২৭.৪ ওভারে ৮৫ রানে নেই ৮ উইকেট! প্রতিরোধের দেয়াল যা একটু উঠেছে মোসাদ্দেক (৪৭) ও সাব্বিরের (২৯*) নবম উইকেট জুটিতে। আগামীকাল কিনরারা ওভালে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।এই মাঠে কাল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে মাত্র ১ রানে ভারত অনূর্ধ্ব-১৯-কে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের ৭ উইকেটে ২৮৭ রানের জবাবে শেষ বল পর্যন্ত খেলে ভারতও সমান উইকেট হারিয়ে করেছে ২৮৬। অন্য দুটি ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ১০৭ রানে হারিয়েছে নেপাল, কাতারকে ১৯১ রানে হারিয়েছে আফগানিস্তান।শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৩.২ ওভারে ১৮৩ (বীরাক্কোডি ৬৯, পেরেরা ৪৭, থারাঙ্গা ১৯, মাদুশাঙ্কা ১৫। সাব্বির ৩/২৮, হায়দার ০/২৬, আল-আমিন ০/১৬, আসিফ ০/১৯, নূর ৪/৩৪, সৌম্য ০/১০, নাঈম জুনিয়র ২/২৯, মোসাদ্দেক ১/১৮)। বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯: ৩৮ ওভারে ১৪০ (সৌম্য ২৪, আসলাম ৫, সালমান ০, আসিফ ১০, মোসাদ্দেক ৪৭, আল আমিন ২, নুরুল হাসান ০, নূর হোসেন ০, নাঈম জুনিয়র ৫, সাব্বির ২৯*, হায়দার ০। আপনসো ৪/৩৭, কৌশল্য ৩/১২)। ফল: শ্রীলঙ্কা অনূূর্ধ্ব-১৯ ৪৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আপোনসো।