সিদ্ধান্তটা কি ঠিক নিলাম—এই ভাবনা নিশ্চয়ই পেয়ে বসেছে গ্রায়েম স্মিথকে। এমনিতে লর্ডস সাধারণত বন্ধুত্বের হাত বাড়ায় ব্যাটসম্যানদের দিকেই। কিন্তু আকাশে যখন মেঘের ঘনঘটা, তখন টস জিতে ব্যাটিং নেওয়াটা কি ঠিক হলো!স্মিথ যখন এই দোলাচলে, অ্যান্ড্রু স্ট্রাউসের মুখে তখন তৃপ্তির হাসি। কেভিন পিটারসেন-সমস্যায় সিদ্ধান্ত সঠিক নিতে পেরেছেন কি না, এই নিয়ে বিতর্ক চলছেই। তবে একটা সিদ্ধান্ত কাল দারুণভাবে কাজে লেগে গেছে স্ট্রাউস অ্যান্ড কোংয়ের। টিম ব্রেসনানের বদলে একাদশে রাখা হলো স্টিভেন ফিনকে। সেই ফিনই কাল কাঁপিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকা দলকে। দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ২৬২, ৩টি উইকেটই নিয়েছেন ফিন। সর্বোচ্চ ৬১ রান করে ফিরেছেন ডুমিনি। ৪৬ রানে ব্যাট করছিলেন ফিল্যান্ডার। সঙ্গী স্টেইন ছিলেন ২১ রানে। ইংলিশ পেসারদের দুর্দান্ত বোলিং, রুডলফ-ডুমিনিদের প্রতিরোধের চেষ্টার সঙ্গে লর্ডসের প্রথম দিন উপহার দিয়েছে বিতর্কও। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন জ্যাক ক্যালিস, সেটাও তৃতীয় আম্পায়ারের! ফিনের বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার ধর্মসেনা সাড়া না দিলে রেফারেল চান স্ট্রাউস। রিপ্লেতে দেখা যায়, লেগ সাইডে থাকা বলটি ক্যালিসের গ্লাভস ছুঁয়েছিল ঠিকই। কিন্তু বল যখন গ্লাভস ছুঁয়েছে, ক্যালিসের হাত তখন ব্যাট থেকে ছুটে গিয়েছিল। নট আউট হওয়ার কথা, সবাইকে অবাক করে অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকার দিয়ে দিলেন আউট!ভুল আউট তো আছেই, প্রোটিয়াদের হতাশাটা বেশি হয়েছে একটু আগে পিটারসেনও একইভাবে আউট হওয়ায়। ফিনের বলে একই ভাবে কট বিহাইন্ড আলভিরো পিটারসেন। এবার দায়টা ছিল ব্যাটসম্যানেরই। আম্পায়ার আউট দিলেও রেফারেল চাননি পিটারসেন। রিপ্লেতে দেখা গেছে, বল গ্লাভস ছুঁলেও পিটারসেনের হাত তখন ব্যাট থেকে ছুটে গিয়েছিল!প্রোটিয়াদের দুর্ভাগ্যই ইংলিশদের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। ধারাবাহিক ভালো বোলিংয়ের পুরস্কারও বলা যেতে পারে। পিটারসেন-ছায়াকে দূরে সরাতে প্রয়োজন ছিল দ্রুত সাফল্য। স্মিথকে ফিরিয়ে সেই সাফল্য এনে দেন জেমস অ্যান্ডারসন। পরে বিপজ্জনক হয়ে ওঠা ডি ভিলিয়ার্সকেও ফিরিয়েছেন অ্যান্ডারসন। থিতু হয়ে যাওয়া রুডলফকে সোয়ান। মাঝে ফিনের ৩ উইকেট। ওয়েবসাইট।