বোলারদের সৌজন্যে পাকিস্তানের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জন্য বিশেষ একটা দিন ছিল কাল। ৫৯ বছর আগের এই দিনে প্রথম টেস্ট জয়ের দেখা পেয়েছিল তারা। সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে।সেই প্রেরণা নিয়ে কাল মাঠে নেমেছিল কিনা বলা মুশকিল। তবে মিসবাহ-উল-হকের দলকে দেখাল দারুণ উজ্জীবিত। আর তাই দুবাই টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে লাঞ্চে যেতে হয় চরম অস্বস্তি নিয়ে। প্রথম সেশনেই যে মাত্র ৭৮ রানে নেই তাদের ৫ উইকেট!শুরুতে উমর গুল আর জুনায়েদ খানের এই আঘাতটা পুরোপুরি সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। তবে যতটা খারাপ হতে পারত, ততটাও হয়নি। অলআউট হয়েছে ২৩৯ রানে। কুমার সাঙ্গাকারার ৭৮ রানের আরেকটি লড়াকু ইনিংস; দশে নেমে সতীর্থদেরই চমকে দেওয়া চানাকা ভেলেগেদারার ৪৮ রান, নবম উইকেটে হেরাথের সঙ্গে তাঁর ৭৫ রানের জুটি শেষ পর্যন্ত বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে শ্রীলঙ্কাকে। বিনা উইকেটে ৪২ রানে দিন শেষ করে টেস্ট জয়ের বর্ষপূর্তির দিনটাকে নিজেদের করে নিয়েছে পাকিস্তান।গত টেস্টেও শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে একরকম গুঁড়িয়ে দিয়েছিল মিসবাহর দল। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি ফিল্ডারদের ক্যাচ ফেলার মহোৎসব হতাশ করেছিল। অধিনায়ক বলেছিলেন, ফিল্ডিংয়ে উন্নতি চাই। শুধু বলে নয়, কাল নিজে স্লিপে তিনটা ক্যাচও ধরলেন মিসবাহ। কিন্তু এর মধ্যেও ২৭ রানে সাঙ্গাকারার ক্যাচ ফেলেছেন তৌফিক উমর, প্রথম বলেই ইউনুস খানের সৌজন্যে বেঁচে গেছেন রঙ্গনা হেরাথ।দিন শেষে এর জন্য খারাপই লাগার কথা এই দুই ফিল্ডারের। ৭৩/৫ স্কোরটাকে সাঙ্গাকারা ১৫৪/৬ বানিয়েছেন। আর ভেলেগেদারার সঙ্গে হেরাথের জুটির কথা তো আগেই পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে নবম উইকেটে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড জুটি গড়ার পথে ৮ উইকেটে ১৫৪ স্কোরটাকে হেরাথ নিয়ে যান ৯ উইকেটে ২২৯-এ!শ্রীলঙ্কার ইনিংসের শুরুর আঘাতটা যদি গুল-জুনায়েদের যৌথ প্রযোজনা হয়, শেষটা সাঈদ আজমল আর আবদুর রেহমানের। দুই পেসার যেমন তুলে নিয়েছেন প্রথম ৫ উইকেট, এই দুই স্পিনার তুলে নিয়েছেন শেষ পাঁচটি। এর মধ্যে সবচেয়ে দামি উইকেটটি রেহমানের। প্রথম টেস্টের মতো প্রতিকূল স্রোতে সাঁতরানো সাঙ্গাকারা তাঁরই শিকার। ওয়েবসাইট।