বোলিং অ্যাকশন বদলে অন্য সোহরাওয়ার্দী
‘এলাম...দেখলাম...জয় করলাম’ কথাটা ঠিক বলা যাচ্ছে না মোহাম্মদ সোহরাওয়ার্দীর ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্রিকেটে এসে চার ম্যাচ খেলে ফেলেছেন আগেই। কিন্তু জয় তো করলেন কাল পঞ্চম ম্যাচে এসে!এক ম্যাচে তিন বাঁহাতি স্পিনার সর্বশেষ বাংলাদেশ দল খেলিয়েছে গত এশিয়া কাপে। ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচে ১০ ওভারে ৬৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সোহরাওয়ার্দী। কাল নাঈম ইসলামকে বসিয়ে বাংলাদেশ যখন আরেকবার জুয়াটা খেলল, সোহরাওয়ার্দী দান মেরে দিলেন। এবার ক্যারিয়ারেরই সেরা বোলিং— ১০ ওভার বল করে ২ মেডেন, ১৪ রানে ৩ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে সেটা শুধু গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখল না, সোহরাওয়ার্দীর হাতে উঠল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও।তা কী রহস্য তিনি লুকিয়ে রেখেছিলেন বাঁহাতি স্পিনে? ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাদাসিধে উত্তর, ‘সে রকম কোনো রহস্য নেই। আমি শুধু চেষ্টা করেছি মূল কাজটা করার, আমার নিজের বলটা করার। সেটাই কাজ করেছে।’ সোহরাওয়ার্দী যতই বলুন, রহস্য একটা কিন্তু আছে। ‘সম্প্রতি বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছি। অনেক কিছু বদলেছি। সালাউদ্দিন স্যার এতে অনেক সাহায্য করেছেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ’—একটু পর নিজেই বলেছেন তিনি।নিউজিল্যান্ডের জেসি রাইডার, ড্যানিয়েল ভেট্টোরি আর শ্যানন স্টুয়ার্টের উইকেট নিলেও এর কোনোটাকেই আলাদা করে দেখছেন না সোহরাওয়ার্দী। তাঁর কাছে সবই সমান, যেমন সমান আন্তর্জাতিক ক্রিকেটের সব রথী-মহারথী। প্রিয় ক্রিকেটার কে বা কাউকে আদর্শ মানেন কি না—এমন প্রশ্নে নির্লিপ্ত উত্তর আসে, ‘সে রকম কেউ নেই।’ভালো খেললে সবার আত্মবিশ্বাসই উঁচুতে থাকে। এখন সোহরাওয়ার্দীরও তাই। সংবাদ সম্মেলনে অধিনায়কের দিকে তাকিয়ে হেসে বলতে পারছেন, কালকের পর অন্তত পরের ম্যাচটা খেলতে পারবেন বলে আশাবাদী। স্পিনারের হাট বাংলাদেশ দলে এর চেয়ে বেশি আশা করাটা কঠিনও। আর বাঁহাতি স্পিনারদের প্রশ্নে প্রতিদ্বন্দ্বিতাটা আরও কঠিন মানলেন মাত্রই পঞ্চম ওয়ানডে খেলা এই বাঁহাতি, ‘বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারদের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। সে কারণেই আমাদের বাঁহাতি স্পিনাররা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে।’সোহরাওয়ার্দীর পাশে বসেই অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, শুরুতে খুব একটা আস্থা রাখতে পারছিলেন না তাঁর ওপর। কিন্তু কালকের পারফরম্যান্সের পর এখন সোহরাওয়ার্দীও জাতীয় দলে পাকা জায়গার দাবি জানাতে শুরু করলেন। সোহরাওয়ার্দীর জন্য অধিনায়কের এই স্তুতিটাও হয়তো বড় পাওয়া।