বোলিং কোচকে স্বাগতই জানাচ্ছেন সিডন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চম্পকা রমানায়েকে-রুয়ান কালপাগে চলে গেলেন। ‘অতিথি শিল্পী’র মতো মাঝেমধ্যে জাতীয় দলের অনুশীলনে এলেও সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন মূলত একাডেমির দায়িত্বে। এ অবস্থায় জেমি সিডন্সের কথায় বরাবরই মিশে থাকত হতাশা, ‘আমার কোচিং স্টাফের কী হবে?’হতাশার দিন শেষ। আজ থেকে স্বয়ংসম্পূর্ণ কোচিং দল নিয়েই জাতীয় দলের অনুশীলনে নামতে পারছেন সিডন্স। ট্রেনার, ফিজিও আর কম্পিউটার বিশ্লেষকের সঙ্গে সহকারী কোচ খালেদ মাহমুদ আছেন। ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন জুলিয়েন ফাউন্টেন। অভাব ছিল শুধু একজন বিশেষজ্ঞ বোলিং কোচের। আজ ইয়ান পন্ট ঢাকায় এসে পূরণ করে দিচ্ছেন সে ঘাটতিও।বোলিং কোচ আসায় সবচেয়ে বেশি খুশি সম্ভবত পেস বোলাররা। কম খুশি নন সিডন্সও। ব্যাটসম্যানদের সময় দেওয়ার পাশাপাশি এত দিন যে বোলারদের দিকেও চোখ রাখতে হয়েছে তাঁকে! ‘নিঃসন্দেহে এটা পেস বোলারদের জন্য সুখবর। আমিও ওদের সঙ্গে কাজ করছিলাম। তবে একজন স্বীকৃত বোলিং কোচের কাছ থেকে ওরা আরও ভালো শিখতে পারবে’—কাল বলেছেন সিডন্স। তবে নতুন বোলিং কোচ সম্পর্কে খুব বেশি ধারণা নেই প্রধান কোচের, ‘পত্রিকা পড়ে জেনেছি বোলিং কোচ আসছেন। এ ছাড়া কোচের বায়োডাটাও দেখেছি। তবে জুলিয়েনের (ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন) সঙ্গে ওর ভালো পরিচয় আছে বলে শুনেছি।’বোলিং কোচ এসে পড়লেও চাওয়ার তো আর শেষ নেই। সিডন্স মনে করিয়ে দিলেন, কোচিং স্টাফে স্পিনারদের জন্য একজন কোচ থাকলে আরও ভালো হতো, ‘বোলিং কোচ আসছেন, ফিল্ডিং কোচ এবং আমি—কোচিং স্টাফের একটা চেহারা দাঁড়িয়ে গেছে। সঙ্গে যদি স্পিন বোলিং কোচ হিসেবে কাউকে আনা যেত, দারুণ হতো।’মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঈদের পর কাল থেকে আবার শুরু হয়েছে নিউজিল্যান্ড সিরিজের অনুশীলন। ২৬ জনের জনের প্রাথমিক দল থেকে এর মধ্যেই ঘোষিত হয়েছে ১৪ সদস্যের দল, সঙ্গে পাঁচ স্ট্যান্ডবাই। দলটা পছন্দই হয়েছে কোচের, ‘ফর্ম এবং ফিটনেস বিবেচনা করে দল গড়া হয়েছে। আশা করি, বিশ্বকাপের আগে পাওয়া সুযোগটাকে সবাই কাজে লাগাতে চাইবে, বিশেষ করে দলে যারা অনিয়মিত।’উদ্বোধনী জুটিতে তামিম আর ইমরুলের মধ্যে খুব ভালো বোঝাপড়া দাঁড়িয়ে গেলেও তামিমের অস্ত্রোপচার নিউজিল্যান্ড সিরিজে ছেদ টানছে তাতে। সিডন্স এ নিয়ে একটু উদ্বিগ্নই, ‘ইমরুল ধরে রাখার কাজ করে। তামিম রান বাড়িয়ে নিতে পারে দ্রুত—সব মিলিয়ে ভালো একটা সমন্বয় আছে তাদের। এ সিরিজে আমরা সেটা মিস করব।’শাহরিয়ার নাফীস ফিরলেও আবারও দলের বাইরে মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপের আগে আশরাফুলের দলে ফেরাটা গুরুত্বপূর্ণ মনে করলেও সিডন্স বলেছেন, ‘আমি মনে করি, অ্যাশ (আশরাফুল) বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে আশরাফুলের জন্য আপাতত লোয়ার-অর্ডার ছাড়া জায়গা নেই দলে। আমি চাই, ও কিছু রান করে হারানো আত্মবিশ্বাস ফিরে পাক। নাঈম, রিয়াদ (মাহমুদউল্লাহ), এমনকি চার নম্বর থেকে রকিবুলকে সরিয়ে দেওয়ার মতো কিছু করুক।’আশরাফুল নেই ফর্মের কারণে, তামিমকে বাইরে রাখছে ইনজুরি। কোচ আশা হারাচ্ছেন না তার পরও, ‘ক্রিকেটে এটা হতেই পারে। এ অবস্থায় জেতা কঠিন হয়ে গেল সন্দেহ নেই। তবে তার মানে এই নয়, আমরা জিততে পারব না। আমি আশাবাদী।’