বোলিং কোচের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যান্স ক্লুজনার, অ্যান্ড্রু ক্যাডিক, ভেঙ্কটেশ প্রসাদ—একটার পর একটা নাম আসে আর হাওয়ায় মিলিয়ে যায়। বাংলাদেশের বোলিং কোচ কেউ হতে চান না। কারও পারিবারিক সমস্যা, কেউ ব্যবসায় ব্যস্ত। বোলিং কোচ নিয়ে তাই দারুণ সংকটে বিসিবি। আগামী মাসে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজের আগে আদৌ বাংলাদেশ কোনো বোলিং কোচ পাবে কি না, সে উত্তর জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরও।বাংলাদেশ দলের অনুশীলন দেখে অবশ্য বোলিং কোচের ‘সংকট’টা ধরা কঠিন। জেমি সিডন্স প্রধান কোচ, জুলিয়েন ফাউন্টেন ফিল্ডিং কোচ। বিশেষজ্ঞ বোলিং কোচের অনুপস্থিতিতে এই দুই কোচই কখনো কখনো হয়ে যাচ্ছেন বোলিং কোচও! সিডন্স তো অনুশীলন ক্যাম্প শুরুর আগেই বলেছিলেন, তিনি এবার বোলারদের বেশি সময় দেবেন। নতুন ফিল্ডিং কোচ ফাউন্টেনও ফিল্ডিং প্র্যাকটিসের ফাঁকে সময় করে দাঁড়িয়ে যাচ্ছেন নেটে। সঙ্গে সহকারী কোচ খালেদ মাহমুদ তো আছেনই। বোলিং কোচ আনতে ক্রিকেট বোর্ডের ব্যর্থতায় তো আর বোলারদের অনুশীলন বন্ধ থাকতে পারে না!কিন্তু বাস্তবতা হলো, সিডন্স-ফাউন্টেন-মাহমুদরা মিলে অনুশীলন চালিয়ে নিলেও বোলিং কোচ ছাড়া পেস বোলারদের অনুশীলন আসলেই গতি পাচ্ছে না। বোলারদের আলাদা করে সময় দিলেও সিডন্সকে অন্য দিকগুলোও দেখতে হয়। আর তিনি যেহেতু মূলত বিশেষজ্ঞ ব্যাটিং কোচ, ব্যাটসম্যানদেরই তাঁর সাহায্যটা বেশি দরকার। ফাউন্টেনের জন্যও বোলারদের বাড়তি সময় দেওয়া সব সময় হয়ে ওঠে না। বোলিং কোচের অভাবটা অনুশীলনে তাই ভালোই টের পাচ্ছেন পেসার মাহবুবুল আলম, ‘সিডন্স অনেক সাহায্য করছেন। ফিল্ডিং কোচ ফাউন্টেনও মাঝেমধ্যে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছেন। তবে স্পেশালিস্ট বোলিং কোচ থাকলেই বেশি ভালো হতো। সব সময়ের জন্য কারও সাহায্য পেতাম আমরা।’শাহাদাত হোসেনও বলছেন প্রায় একই কথা, ‘বোলিং কোচ নেই...কী আর করার আছে। অন্যরা সাহায্য করছেন। তবে আলাদা করে বোলিং কোচ থাকলেই বেশি ভালো হতো।’ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মত অবশ্য কিছুটা ভিন্ন। বোলিং কোচ ছাড়া অনুশীলনে খুব বেশি সমস্যা দেখছেন না তিনি, ‘সিডন্স বোলারদের অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন। ফাউন্টেনও স্লোয়ার ডেলিভারির কিছু টেকনিক শেখাচ্ছেন। পেস বোলারদের বোলিং-বৈচিত্র্যে স্লোয়ার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদেরও বড় সমস্যা ভালো স্লোয়ার দিতে না পারা। ফাউন্টেনের কৌশল আশা করি কাজে লাগবে।’বোলারদের নিয়ে সিডন্সের কাজেও সন্তুষ্ট অধিনায়ক, ‘সিডন্স মৌলিক বিষয়গুলোই দেখাচ্ছেন। নতুন কিছু না করে তিনি আমাদের শক্তিমত্তার জায়গাগুলো নিয়ে কাজ করছেন বেশি। ধরেন যে সুইং করায়, সে এই কাজটা আরও ভালো করে কীভাবে করতে পারে, সেটা দেখিয়ে দিচ্ছেন কোচ। সব মিলিয়ে বোলিং কোচের অভাব যে খুব বেশি অনুভূত হচ্ছে, তা নয়।’কিন্তু ‘অতিথি শিল্পী’ দিয়ে মঞ্চ গরম রাখা আর কত দিন? মনোবিদ সৌমেন্দ্র সাহাও যেখানে কাল থেকে আনুষ্ঠানিকভাবে সেশন ধরে ধরে ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, সেখানে বোলিং কোচের অনুপস্থিতিই এখন পর্যন্ত অনুশীলনে একমাত্র ঘাটতি। এই ঘাটতি শিগগিরই পূরণ হচ্ছে, সে রকম আশ্বাস মিলছে না বোর্ড থেকে।বোলিং কোচ আনার ব্যাপারে বিসিবির উদ্যোগের সর্বশেষ খবরটিও নতুন কিছু নয়। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানালেন পুরোনো কথাই, ‘নতুন করে কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিউজিল্যান্ড সিরিজের আগে না হলেও হয়তো মাঝামাঝি সময়ে আমরা কাউকে পাব।’ নতুন তালিকায় কারা আছেন? না, সেটি আপাতত জানা যাচ্ছে না, কারণ বোলিং কোচ হিসেবে ল্যান্স ক্লুজনারের নাম আগাম জানিয়ে দেওয়ার পর তাঁকে না পাওয়ায় বিসিবিকে বেশ বিব্রত হতে হয়েছে। এবার তাই বেশ সতর্ক বোর্ড। ‘কারও নাম এখনই বলতে চাইছি না। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা—এই তিন দেশের কোনো দেশ থেকেই আসবেন নতুন বোলিং কোচ’—জানিয়েছেন জালাল ইউনুস।