বোলিং দিয়েই কথা বলছেন রাজ্জাক

‘সময়মতোই তাহলে পারফর্ম করলেন...’
সারা দিনে ৯৬ ওভারের ক্রিকেট শেষে তখন চলছে জমজমাট ফুটবল। ড্রেসিংরুম থেকে আবদুর রাজ্জাক ছুটছিলেন কিছুক্ষণের জন্য ফুটবলার হতে। ওই কথায় থমকে দাঁড়ালেন। কেমন শুষ্ক একটা হাসিতে বললেন, ‘সময়-টময় বুঝি না। যখন যেখানে যে ম্যাচেই খেলি, আমি পারফর্ম করতে চাই।’
হাসিতে তো বটেই, কথায়ও কেমন আক্ষেপের সুর। আক্ষেপ কি তবে উপেক্ষার? শ্রীলঙ্কায় টেস্ট দলের সঙ্গে গিয়েও খেলতে না-পারা? কিংবা জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেই না-থাকা!
‘ওসব কিছু না’ বলে আরেকটি শুষ্ক হাসি আর নিস্পৃহ কণ্ঠে প্রসঙ্গ এড়িয়ে গেলেন রাজ্জাক। তবে যা মনে হলো তাতে দুটোর মধ্যে যোগসূত্র না থেকেই পারে না! এমনিতে সাধারণ হিসেবে বা রেকর্ড দেখলে রাজ্জাককে টেস্টে উপেক্ষার এক শ একটা কারণ খুঁজে পাওয়া যাবে। ওয়ানডেতে বাংলাদেশের সফলতম বোলার কখনোই টেস্ট দলে জায়গা পাকা করার মতো কিছু করতে পারেননি। টেস্ট অভিষেকের সাত বছর পরও তাই সম্বল ৯ টেস্ট আর ১৮ উইকেট। গড় ৬৫.৮৩, একেকটি উইকেটের জন্য করতে হয়েছে প্রায় ২০ ওভার বোলিং (১১৮.৫ বল)!
কিন্তু গল্পের শেষ তো ওখানেই নয়। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময় তাঁর পারফরম্যান্স দুর্দান্ত! গত মৌসুমে ৭টি প্রথম শ্রেণীর ম্যাচে উইকেট ৫৪টি! ইনিংসে ৯ উইকেট ছিল একবার, দুবার ম্যাচে ১০ উইকেট। সীমানা যদি বাড়িয়ে দেওয়া হয়, সর্বশেষ খেলা টেস্টের পর (২০১১ সালের আগস্টে হারারেতে) ১৩ প্রথম শ্রেণীর ম্যাচে ৯২টি! এমন অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার না পেলে আক্ষেপ হতেই পারে!
সমালোচকদের পাল্টা যুক্তি থাকতে পারে এখানেও। ঘরোয়া ক্রিকেটে তো বরাবরই দারুণ ধারাবাহিক রাজ্জাক। টেস্টের বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফরম্যান্স দারুণ, ৫৪ ম্যাচে ২৩৩ উইকেট, গড় (২৭.৭৮) ও স্ট্রাইক রেটও (৬০.০০) টেস্টের তুলনায় দুর্দান্ত! ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেই টেস্ট দলে ফিরেছেন বারবার। কিন্তু ব্যর্থ হয়েছেন। আবার তবে কেন?
এখানেই চলে আসছেন নতুন রূপের রাজ্জাক। দীর্ঘ পরিসরের ক্রিকেটের রাজ্জাকের সঙ্গে এই রাজ্জাকের অনেক পার্থক্য। ফ্লাইট এখন অনেক বেশি দেন, লুপ বেশি পাচ্ছেন। খুব বেশি না হলেও টার্ন একটু বেড়েছে, বরাবরের শক্তি, গতিবৈচিত্র্য আর নিয়ন্ত্রণেও বেড়েছে দক্ষতা। নয় টেস্টের ছয়টিতেই কীভাবে, কোন পরিস্থিতিতে, কোন পারিপার্শ্বিকতায় খেলতে হয়েছিল এসব নিয়ে মনে চাপা ক্ষোভ আছে। তবে মনের ক্ষোভ মনে চাপা দিয়েই থাকতে চাইলেন ক্রিকেটে। বললেন লাল বলে বদলে যাওয়া বোলিংয়ের কথা, ‘এখন বাতাসে স্পিন অনেক বেশি হয়, এ জন্য ড্রিফটও বেশি পাই। ফ্লাইট-লুপও আগের থেকে বেশি দিতে শিখেছি। ধৈর্য বেড়েছে, আগের চেয়ে অনেক পরিণতও।’
দুই সময়ের রাজ্জাককে নিয়ে খুলনা দল ও জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ও প্রিয় বন্ধু মাশরাফি বিন মুর্তজার ব্যাখ্যা, ‘আগে টেস্টেই আমাদের ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে আসত, ঘরোয়া ক্রিকেটের মানটা তখন তাহলে বোঝেন! ওই সময়ে রাজ্জাকের পারফরম্যান্স নিয়ে কিছু বলছি না। কিন্তু এখন জাতীয় দলের মতো ঘরোয়া ক্রিকেটেও অনেক ভালো ব্যাটসম্যান আছে। ওর সাম্প্রতিক পারফরম্যান্সকে তাই দারুণ বলতেই হবে। ওর বোলিং দেখলেই পরিবর্তনগুলো বোঝা যাচ্ছে।’
পরিবর্তন চোখে পড়েছে মাঠে থাকা নির্বাচক হাবিবুল বাশারেরও, ‘কিছুদিন ধরেই ওর পারফরম্যান্স খুব ভালো। এখন লুপ দেয় অনেক বেশি, ভালো জায়গায় বোলিং করে। ওকে এখন পুরো ভিন্ন এক বোলার মনে হয়।’
এই ভাবনার প্রতিফলন থাকবে কি নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচনে? বাইরে নিস্পৃহ ভেতরে ভেতরে রাজ্জাক ঠিকই তাকিয়ে সেদিকে।