বোলিং দুশ্চিন্তা নিয়েও ড্রয়ের লক্ষ্য
টেস্টে যে মাঠ ৫৮৩ রানের স্কোরও দেখেছে, সেটির উইকেট কাদের পক্ষে কথা বলবে? ব্যাটসম্যানদের নাকি বোলারদের? ওয়ানডে সিরিজের পারফরম্যান্স বলছে, ব্যাটিংটাই এখন বাংলাদেশের আশা-ভরসার জায়গা। ঘরের মাঠের সুবিধা নিতে চাইলে বাংলাদেশ দল থেকেই বা তাহলে কেমন প্রেসক্রিপশন যেতে পারে উইকেটের জন্য?প্রথম প্রশ্নের উত্তর অবশ্যই ব্যাটসম্যানদের। দ্বিতীয়টার, কিউরেটরের কাছে ব্যাটিং সহায়ক উইকেটই চেয়েছে বাংলাদেশ। তারপরও কাল সকালে মাঠে এসে ম্যাচের উইকেটটা চটে ঢাকা দেখে এক ভারতীয় সাংবাদিক স্বগতোক্তির মতো বললেন, ‘কী আছে ওর ভেতর?’বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট-দর্শন অন্যরকম। উইকেট যেমনই হোক খেলতে তো হবেই, কাজেই তা নিয়ে এত গবেষণার কী আছে? উইকেট নিয়ে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মহাগুরুত্বপূর্ণ এক কথাও বলে রেখেছেন সাকিব, ‘যে রকম উইকেটই বানানো হোক না কেন, সেটার সর্বোচ্চ সুবিধা ওরাই (ভারত) পাবে।’সাকিবের কথার পরের অংশটুকুই মাহমুদউল্লাহ হয়তো বলে গেলেন কালকের অনুশীলন শেষে, ‘আমরা ভারতের শক্তিমত্তা নিয়ে ভাবছি না, ভাবছি আমাদের নিয়ে। আমরা যদি সঠিক লাইন-লেংথ মেনে সঠিক জায়গায় বল ফেলতে পারি, বিশ্বের সব ব্যাটসম্যানেরই সেটা খেলতে কষ্ট হবে।’ অবচেতনে তিনি যেন সিরিজে বাংলাদেশ দলের একমাত্র দুশ্চিন্তাটার কথাও বলে দিলেন। বোলিং।হাঁটুর ইনজুরিতে পড়ে মাশরাফি বিন মুর্তজা একটার পর একটা সিরিজ মিস করে চলেছেন। তাঁকে ছাড়া দলটার বোলিং আক্রমণটা কী রকম নখদন্তহীন তা আইডিয়া কাপেই দেখা গেছে। ব্যাটিং নিয়ে দারুণ সন্তুষ্ট কোচ জেমি সিডন্সও নিশ্চয়ই খুব মিস করছেন মাশরাফিকে। তবে তাঁর কথা শুনে তেমন মনে হলো না। নিজের বিশ্বাস থেকেই হোক কিংবা অন্য বোলারদের পিঠ চাপড়াতে, কাল অনুশীলনের ফাঁকে সিডন্স বললেন, ‘মাশরাফিকে সব সময়ই মিস করি। কিন্তু হাতে এখন যারা আছে তাদের নিয়েই তো খেলতে হবে। তা ছাড়া টেস্টে মাশরাফির কোনো ৫ উইকেট নেই, শাহাদাতের সেটা দুবার আছে। টেস্টে ৫ উইকেট নিতে পারে এ রকম বোলারই চাই।’দল সূত্রের খবর, সিডন্স চাইছেন প্রথম টেস্টে তিন পেসারকে খেলাতে। ভারতীয় ব্যাটসম্যানদের কাছে যেহেতু স্পিন বলটাই বেশি উপাদেয় মনে হয়, কোচ এবং বোলিং কোচ চম্পকা রামানায়েকে এই টেস্টে শাহাদাত, রুবেল এবং অভিষেক টেস্টের অপেক্ষায় থাকা শফিউলের সঙ্গে মাত্র একজন স্পেশালিস্ট স্পিনার রাখার পক্ষে। সিডন্সের চোখে সেই স্পেশালিস্ট স্পিনার হয়তো সাকিব আল হাসান, ‘ও বিশ্বমানের স্পিনার...আর তো কাউকে দরকার নেই।’ খুব বেশি দরকার হলে স্পিনে মাহমুদউল্লাহ-মোহাম্মদ আশরাফুলের সহযোগিতাও যেহেতু পাওয়া যাবে, এনামুল জুনিয়রকে প্রথম একাদশে অন্তত কাল পর্যন্ত ভাবেননি সিডন্স। যদিও সূত্র জানিয়েছে, স্বয়ং সাকিব এবং সহ-অধিনায়ক মুশফিকুর রহিমও দলে আরেকজন স্পেশালিস্ট স্পিনার নেওয়ার পক্ষে।মূল দুশ্চিন্তার নাম বোলিং, তবে এই সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়েও কিছু প্রমাণের আছে। ওয়ানডেতে নিয়মিতই আড়াই শ রান হচ্ছে, সেই ধারাবাহিকতায় টেস্টে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে স্বাভাবিক। আশরাফুল আশাবাদী, ‘ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আছে। ওয়ানডেতে আমরা নিয়মিত আড়াই শ রান করেছি, তিন শর কাছাকাছি গেছি। টেস্টেও ভালো কিছু হওয়া উচিত।’ এই ‘ভালো কিছুর’ অনেকখানিই নির্ভর করছে তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ওপেনিং জুটির ওপর। ভালো কিছুর জন্য ভালো একটা শুরুই তো দরকার সবার আগে! শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত চার টেস্টের আট ইনিংসে এই দুই ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ ওপেনিং জুটি গড়েছেন কেবল একবার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২)।ত্রিদেশীয় সিরিজটা মাঠের বাইরে বসে দেখা বাঁহাতি শাহরিয়ার নাফীস হয়তো কাল থেকে শুরু টেস্টটা দিয়েই আবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। মূলত ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এলেও ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুই টেস্টেই তিন নম্বরে ব্যাট করেছিলেন। চার ইনিংসে তাঁর রান ছিল ২৫, ১৬, ৬৯ ও ৩১। যদি এবারও ওই একই জায়গায় খেলতে হয়, সেটির জন্যও তিনি প্রস্তুত, ‘সর্বশেষ দুইটা টেস্টেই তিন নম্বরে খেলেছি। তা ছাড়া এবার প্রিমিয়ার লিগ বা টি-টোয়েন্টি লিগেও আমি তিন নম্বরে ব্যাট করেছি। যদি সুযোগ পাই, আমার মনে হয় আমি পারব।’ওয়ানডের আত্মবিশ্বাসই এখন বড় জ্বালানি বাংলাদেশ দলের কাছে। তাই টেস্ট নিয়ে বড় স্বপ্ন দেখাটাকেও মনে হচ্ছে না আকাশকুসুম। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লক্ষ্য কি জানেন তো? ড্র করা।