ওয়েলিংটন টেস্টের ফল পাল্টে দিয়েছে দৃশ্যপট। ডানেডিনের প্রথম টেস্টে জয় সমান ড্র ক্যারিবীয়দের জন্য ছিল ‘মানসিক জয়’। স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্টের আগে ক্যারিবীয়রা ছিল উজ্জীবিত। অতি আত্মবিশ্বাসী হয়ে অধিনায়ক ড্যারেন স্যামি তো সিরিজের বাকি সময়ে কিউই বোলারদের আরও দুর্বল করে দেওয়ার আশাবাদের কথাও শুনিয়েছিলেন।
তৃতীয় টেস্টের আগে সেই স্যামির কণ্ঠটা যেন কেমন মিনমিনে। আগামীকাল হ্যামিল্টনে শুরু তৃতীয় টেস্ট। তার আগে ওয়েলিংটনের ইনিংস ও ৭৩ রানের হার যেন স্যামিদের গলায় কাটা হয়ে বিঁধছে। স্যামি যেমন বলেই দিয়েছেন, ‘প্রতিপক্ষের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’ স্যামির ক্ষোভ বোলারদের ওপরই বেশি। বেসিন রিজার্ভের ঘাস আর আর্দ্র উইকেটে স্যামি টস জিতে বড় আশা করে বোলিং নিয়েছিলেন। কিন্তু রস টেলরের সেঞ্চুরির কল্যাণে নিউজিল্যান্ড তুলে ফেলে ৪৪১ রান। ক্যারিবীয়রা তা দুই ইনিংসেও করতে পারেনি।
স্যামির বোলিং দুশ্চিন্তা আরও বড় হয়েছে। তৃতীয় টেস্টে নামতে হচ্ছে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ স্পিনার শিলিংফোর্ডকে ছাড়াই। চাপে রাখবে সিরিজ হারের শঙ্কাও। অন্যদিকে ব্রেন্ডন ম্যাককালামের অধিনায়কত্বে ১১ নম্বর টেস্টে প্রথম জয়, নিউজিল্যান্ড খুবই উজ্জীবিত। ওই জয় এখন কিউইদের দেখাচ্ছে প্রায় দুই বছরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্নও। নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০১২ সালের জানুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ-জিম্বাবুয়ে বাদে বাকি টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট সিরিজ জয় ২০০৬ সালে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।
এই সিরিজে এখন পর্যন্ত ১-০ তে এগিয়ে, হ্যামিল্টনে ড্র করলেও চলবে। তবু ম্যাককালামের দল মাঠে নামছে জয়ের ছক কষেই। অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন যেমন বলছেন, ‘বেসিনের জয়টা ছিল দারুণ। আমরা শুধু আবার জেতার জন্যই রোমাঞ্চিত নই, বেসিনের চেয়েও ভালো করতে চাই।’ যদিও চোটের কারণে অ্যান্ডারসনের মাঠে নামা নিয়েই আছে সংশয়। তাঁর বিকল্প হিসেবে সাতটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা জেমস নিসামকে দলে ডেকেছে নিউজিল্যান্ড। অ্যান্ডারসন অবশ্য নিজে খেলার ব্যাপারে আশাবাদী। ওয়েবসাইট।